ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ৫২৬ কোটি টাকা চেয়েছে ডিএসসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরার বনশ্রী প্রধান সড়কের অবস্থা শোচনীয়। পুরো সড়কের বিভিন্ন স্থানে ভাঙা। একটু বৃষ্টিতেই কাদাজলে সয়লাব। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
রাজধানীর রামপুরার বনশ্রী প্রধান সড়কের অবস্থা শোচনীয়। পুরো সড়কের বিভিন্ন স্থানে ভাঙা। একটু বৃষ্টিতেই কাদাজলে সয়লাব। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল। তার ওপর টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় রাজধানী ঢাকার অনেক সড়কের প্রচুর ক্ষতি হয়েছে। এ অবস্থায় ১৫৮ কিলোমিটার বিধ্বস্ত সড়কের তালিকা দিয়ে সেগুলো মেরামতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সরকারের কাছে ৫২৬ কোটি টাকা চেয়েছে।

উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো আগে থেকেই বিভিন্ন প্রকল্পের অধীনে থাকায় এখনো কোনো বরাদ্দ চায়নি। দুই সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

বৃষ্টি ও জলাবদ্ধতায় ডিএসসিসি এলাকায় ১৫৮ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সরকার বিভাগকে দেওয়া তথ্যে জানানো হয়েছে। এগুলোর মধ্যে ভিআইপি সড়ক খুব কম। শুধু ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের খরচ হিসাব করা হয়েছে ২৬৯ কোটি ১৩ লাখ টাকা। এ ছাড়া প্রায় ৮০ কিলোমিটার ফুটপাত মেরামত ও নতুন করে নির্মাণের জন্য ৫৫ কোটি ৬০ লাখ, ১৬৬ কিলোমিটার নর্দমা মেরামত ও নির্মাণে ১৮৮ কোটি ৭৬ লাখ এবং সোয়া ৫ কিলোমিটার সড়ক বিভাজক (মিডিয়াম) উন্নয়নে প্রায় ১ কোটি টাকা খরচের হিসাব দেখানো হয়েছে। এসব কাজের জন্য বিভিন্ন সেবা সংস্থার মাটির নিচের কেব্‌ল লাইন স্থানান্তরের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে ১০ কোটি টাকা।

তালিকা অনুযায়ী বিভিন্ন অঞ্চলের প্রতিটি ওয়ার্ডের কোনো না কোনো সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে অনুযায়ী হিসাব দেখানো হয়েছে। অভিযোগ রয়েছে, এগুলোর মধ্যে এমন অনেক সড়কও রয়েছে, যেগুলো গত এক থেকে দুই বছরের মধ্যে মেরামত করা হয়। কোনো কোনো সড়ক মেরামত করা হয়েছিল যেগুলোর ভেতরে খোয়া বা বালু দেওয়া (ম্যাকাডম) হয়নি। মেরামত হয়েছে শুধু ওপরে আলকাতরার আস্তরণ দিয়ে। আবার কিছু সড়ক ভালোভাবে নির্মাণ করা হলেও পরে আর সংরক্ষণ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠুভাবে নির্মাণের পর শুধু রক্ষণাবেক্ষণের অভাবে অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, বৃষ্টি ও জলাবদ্ধতায় ডিএসসিসি এলাকার ৫৭টি ওয়ার্ডেরই কোনো না কোনো রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভিত্তিতেই খরচের হিসাব করা হয়েছে। এসব সড়কের অনেক অংশে আস্তরণ উঠে গেছে। যার জন্য খুব বেশি খানাখন্দের সৃষ্টি হয়েছে। আবার নর্দমার অংশও ভেঙে গেছে।

তালিকা ধরে সম্প্রতি কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, ডিএসসিসি অঞ্চলে বেশি ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে আছে বনশ্রীর বিভিন্ন সড়ক। বনশ্রীর প্রধান সড়ক থেকে মেরাদিয়া পর্যন্ত সড়ক এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এই সড়কটি দুই বছর আগে দায়সারাভাবে মেরামত করা হয়েছিল। এখন কিছু অংশে আস্তরণ উঠে গেছে। কোথাও ভেতরের ইট বেরিয়ে আছে। তার মধ্যেই ভারী ও হালকা সব ধরনের যানবাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। এ-ব্লকের পাশে কাঁচাবাজারের কাছের সড়কটি খুবই খারাপ। অতিষ্ঠ হয়ে এলাকাবাসীই মেরামতে হাত দিয়েছেন। বাংলাদেশ টেলিভিশন ভবনের পাশে বনশ্রীর ভেতরে যাওয়ার সড়কটিও ভাঙাচোরা। এলাকাবাসী জানান, সড়কের কিছু অংশ পড়েছে উত্তরে, কিছু দক্ষিণে। এ নিয়ে দুই করপোরেশনে ঠেলাঠেলি ছিল। তবে ডিএসসিসির ২ নম্বর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী হানিফ পাটোয়ারী জানালেন, সিদ্ধান্ত হয়েছে এসব সড়ক দক্ষিণ সিটি করপোরেশনই মেরামত করবে।

পূর্ব রামপুরা এলাকার রাস্তাও খুব খারাপ দেখা যায়। বাসাবো মাঠের কাছে রাস্তা খোঁড়া হয়েছে। এলাকার বাসিন্দা আবদুল কুদ্দুস জানান, রাস্তাটি মোটামুটি ভালো ছিল। খুঁড়ে নষ্ট করা হয়েছে। তারপর আর মেরামতের খবর নেই।

ডিএসসিসির ৫ নম্বর অঞ্চলের সায়েদাবাদ থেকে মুগদা পর্যন্ত প্রধান সড়কে বড় বড় গর্ত। বিশেষ করে এনএস সিএনজি স্টেশন এবং বিপরীত দিকে টিটিপাড়া বাসস্ট্যান্ডের কাছে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ধোলাই খাল থেকে লোহার পুল পর্যন্ত সড়কও বেহাল। নয়াবাজার থেকে মিটফোর্ড, ইমামগঞ্জ যাওয়ার পুরো রাস্তা খারাপ। বাসাবো থেকে মাদারটেক যাওয়ার রাস্তাটি এই বর্ষায় আগের তুলনায় আরও খারাপ হয়েছে। গত ২৮ অক্টোবর দুপুরে বাসাবো থেকে মাদারটেক পর্যন্ত পুরো সড়কটি ভাঙাচোরা দেখা যায়। মাদারটেকের বাসিন্দা সুকুমার ঘোষ বলেন, অনেক সময় বাসাবো থেকে মাদারটেক যেতে এক ঘণ্টার বেশি সময় লাগে। রাস্তার দুর্দশার জন্য রিকশার ভাড়া অনেক বেশি দিতে হয়। মিরপুর রোড, ধানমন্ডি ২৭, সাত মসজিদ রোড এলাকা। এসব সড়ক অতীতে যখনই মেরামত হয়েছে, পরে আর রক্ষণাবেক্ষণ করা হয়নি। ওপরের নর্দমা লাইন ঠিকভাবে পরিষ্কার না করায় বৃষ্টি হলে রাস্তায় পানি জমেছে।

জানতে চাইলে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, মেগা প্রকল্প বা অন্য প্রকল্পের আওতাধীন সড়ক বা নর্দমার হিসাব বাদ দিয়েই সরকারের কাছে টাকা চাওয়া হয়েছে। আগে কোনো প্রকল্পের অধীনে ছিল, এমন কোনো রাস্তা এই তালিকায় নেই।

উত্তর সিটি করপোরেশন এলাকার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গাবতলী এলাকার সড়ক। এ ছাড়া রয়েছে বৃহত্তর মিরপুর, আগারগাঁও-রোকেয়া সরণি, মাজার রোড, দারুস সালাম, বাড্ডা-শাহজাদপুর, মহাখালী, সাতরাস্তা এলাকা।

এ বিষয়ে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ কুদরতউল্লাহ বলেন, এসব এলাকার বেশির ভাগ রাস্তা কোনো না কোনো প্রকল্পের অধীনে আগে থেকেই কাজ হচ্ছিল বা হওয়ার জন্য তৈরি হচ্ছিল। তাই এগুলো মেরামতে আলাদা খরচ না লাগার সম্ভাবনাই বেশি।