
মগবাজার-মৌচাক উড়ালসড়ক নির্মাণকাজে অব্যবস্থাপনার কারণে সিদ্ধেশ্বরী ও বেইলি রোড এলাকার অন্তত ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকসানের শিকার হয়ে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে মৌচাক এলাকার একাধিক বিপণিবিতান। নষ্ট হয়েছে এলাকার খেলার মাঠ, সড়ক হয়েছে বিধ্বস্ত। দীর্ঘ প্রায় চার বছর ধরে এই অবস্থা চলছে। শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের দুর্ভোগ অবর্ণনীয় হয়ে উঠেছে।
গতকাল সোমবার সকালে এলাকায় গিয়ে এই বিপর্যস্ত অবস্থা দেখা যায়। মৌচাক মার্কেটের সামনের থেকে সিদ্ধেশ্বরী রোডটি সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠ পর্যন্ত খানাখন্দে ভরে আছে। পানি জমে আছে। একই অবস্থা আনারকলি সুপার মার্কেটের সামনের অংশে সিদ্ধেশ্বরী লেনে। এই এলাকার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়, মগবাজার গার্লস হাইস্কুল, বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাস। বিধ্বস্ত রাস্তার কারণে এসব প্রতিষ্ঠানে যাওয়ার পথে চরম দুর্ভোগে পড়তে হয় হাজার হাজার শিক্ষার্থীকে। সবচেয়ে বড় সমস্যায় রয়েছে সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়। যাতায়াতের দুর্ভোগ ছাড়াও বিদ্যালয়ের খেলার মাঠটি প্রায় চার বছর কর্তৃপক্ষের হাতছাড়া।

গতকাল গিয়ে দেখা যায়, বিধ্বস্ত সিদ্ধেশ্বরী সড়কের উত্তর প্রান্তে বিদ্যালয়ের মাঠের প্রবেশপথ। ঢুকতেই বালুর স্তূপ। পুরো মাঠজুড়ে ছড়িয়ে আছে নির্মাণসামগ্রী, কংক্রিট তৈরির যন্ত্র ও সরঞ্জাম। পাহাড়ের মতো পাথরখণ্ডের স্তূপ। কংক্রিটের ব্লক, নতুন-পুরোনো রডের সারি, এক্সকাভেটর, গাড়ির বড় বড় চাকা এসবে ভরা। মাঠের চারপাশেই বহুতল ভবন—পশ্চিমে অপ্সরা, অন্তরা, অনন্যা, পরমা। বসবাস শত শত পরিবারের। চার বছর ধরে পুরো এলাকার বাসিন্দারা যাতায়াতে দুর্বিষহ কষ্ট নিরুপায়ভাবে সহ্য করে যাচ্ছে। মাঠের মধ্য দিনে রাতে চলে ব্লক ও কংক্রিট তৈরির কাজ। গভীর রাতেও কানে আসে বিকট শব্দ। কয়েকজন বাসিন্দা বলেন, উড়ালসড়ক হচ্ছে, সবারই উপকার হবে—এ বিষয় চিন্তা করে প্রথম প্রথম সবাই সহ্য করেছেন দিনে-রাতের যন্ত্রণা। দুই বছরে উড়ালসড়ক নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু প্রায় চার বছর পেরিয়ে যাচ্ছে।
কয়েকজন অভিভাবক বলেন, তাঁদের বাসার কাছে খেলাধুলার কোনো মাঠ নেই। বিদ্যালয়ের মাঠটি থাকায় তাঁদের সন্তানদের খেলাধুলার বিষয়ে নিশ্চিন্ত ছিলেন তাঁরা। কিন্তু এখন এই মাঠ থেকেও নেই।
সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুজ্জামান প্রথম আলোকে বলেন, বিদ্যালয় কমিটির সঙ্গে উড়ালসড়ক কর্তৃপক্ষের দুই বছরের চুক্তিতে মাঠ ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু চার বছর হতে চলল, কাজ শেষ হচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে অভিযোগ জানালে তাঁরা আরও সময় চেয়েছেন। প্রধান শিক্ষক বলেন, ‘আমরা সবাই চরম অতিষ্ঠ। অসহায়ের মতো সব সহ্য করতে হচ্ছে। আমাদের স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। স্কুলের সামনে দাঁড়ালে ময়লা পানির কাদা ছিটে গায়ে আসে। অভিভাবকেরা নিয়মিত আপত্তি করছেন। অথচ আমাদের করার কিছু নেই।’
অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকেও একই ধরনের অভিযোগ করা হয়। ঈদুল আজহার কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলেনি, তবে কোচিং চলছে। ভিকারুননিসা নূন স্কুলের দশম শ্রেণির দুজন ছাত্রী যাতায়াতের পথের জন্য তাদের প্রতিদিনের কষ্টের কথা জানায়।
মাঠ থেকে নির্মাণসামগ্রী আনা-নেওয়ার জন্য ঘন ঘন ভারী যানবাহন যাতায়াত করতে থাকায় সড়কটি ভেঙে গেছে। তা ছাড়া বিশালাকার যানবাহনগুলো সড়কে প্রবেশ করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। সারাক্ষণ এই খানাখন্দে ভরা সড়কে পানি জমে থাকে। এলাকাবাসী বলেন, বৃষ্টি না হলেও এলাকার রাস্তার কোথাও না কোথাও পানি জমে থাকেই। সে পথ মাড়িয়ে চলতে হয় শিক্ষার্থী ও পথচারীদের। প্রায় প্রতিদিনই রিকশা-অটোরিকশা উল্টে পড়ার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ সিদ্ধেশ্বরী সড়ক উঁচু করে দেওয়ার অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন হচ্ছে না।
উড়ালসড়ক নির্মাণে অব্যবস্থাপনার শিকার এলাকার বিপণিবিতানগুলোও। আনারকলি সুপার মার্কেটটি সিদ্ধেশ্বরী বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মালিকানাধীন। প্রধান কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, উড়ালসড়ক নির্মাণকাজের কারণে আনারকলি সুপার মার্কেটে বৃষ্টি হলে পানি ঢোকে। রাস্তাঘাট এমনভাবে ডুবে যায় যে বেচাকেনা বন্ধ হয়ে যায়। ক্রেতারা আসতে পারেন না। অনেক দোকানি তাঁদের ঘর ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। চারদিক থেকেই ক্ষতির মুখে পড়ছে স্কুল।
গতকাল ওই মার্কেটের কয়েকজন দোকানি অভিযোগ করেন, বেশির ভাগ দোকানেই বেচাকেনা কমে গেছে। যাওয়া-আসার দুর্ভোগের কারণে এখানে আর ক্রেতারা আসতে চান না। নতুন ডিজাইনের থ্রিপিস, টুপিস সাজানো দোকানগুলোয় অতীতে তরুণী ক্রেতাদের প্রচুর ভিড় হতো। গতকাল দেখা গেল, তাঁদের সংখ্যা খুবই কম। গয়নার দোকানগুলোতেও একই অবস্থা। একাধিক দোকানি বলেন, বিয়ে বা ব্যক্তিগত বিশেষ কোনো অনুষ্ঠান বাদ দিলে সারা বছরে সবচেয়ে বেশি গয়না বিক্রি হয় ঈদের আগের দিনগুলোয়। কিন্তু এবার বিক্রি অর্ধেকেরও নিচে নেমে এসেছে। এমনকি ঈদের সময় পর্যন্ত মার্কেটে বেচাকেনা কম ছিল।
যোগাযোগ করা হলে উড়ালসড়ক নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের প্রশাসনিক কর্মকর্তা হাতেম আলী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘রাস্তাঘাটের দুরবস্থার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী, এলাকার বাসিন্দা থেকে শুরু করে সবাই অসুবিধায় আছেন। পুরো বিষয়ের জন্য আমরা দুঃখিত। রাস্তা মেরামতের বিষয়ে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথাও হয়েছে।’ তিনি বলেন, কয়েক মাসের মধ্যে খেলার মাঠটি ছেড়ে দেওয়া হবে। কমলাপুরে আলাদা জায়গা নেওয়া হয়েছে।
স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গতকাল তাঁর কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।