চট্টগ্রাম নগরের ক্ষতিগ্রস্ত সড়কের খানাখন্দ সংস্কারকাজ আগামী ১৫ দিনের মধ্যে শেষ করার জন্য প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম আন্দরকিল্লায় নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত প্রকৌশল বিভাগের সমন্বয় সভায় এ নির্দেশ দেন মেয়র।
সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরবাসী সব ভোগান্তির জন্য সিটি করপোরেশনকে দায়ী করে থাকে। তাই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), ওয়াসা, গ্যাস ও টিঅ্যান্ডটিসহ সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নাগরিক ভোগান্তি নিরসনে সিটি করপোরেশনকে কাজ করতে হবে। সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের দায়িত্ব প্রকৌশল বিভাগকে পালন করতে হবে।
সিটি করপোরেশন জানায়, সম্প্রতি টানা ভারী বর্ষণে নগরের প্রায় তিন শ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম, মো. মাহফুজুল হক, আনোয়ার হোছাইন, মনিরুল হুদা, আবু ছালেহ ও কামরুল ইসলাম প্রমুখ।