ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কারকাজে পদক্ষেপ নিয়েছি: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত সড়কের জরুরি সংস্কারকাজের জন্য সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। খবর ইউএনবির।গতকাল শনিবার বিকেলে টেলিফোনে ইউএনবির সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী বলেন, জরুরি ভিত্তিতে সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কার এবং খানাখন্দগুলো ভরাট করার কাজ শুরু করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা আশা করি যে করেই হোক, ঈদের আগেই সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে সক্ষম হব।’যোগাযোগমন্ত্রী বলেন, গত অর্থবছরে তাঁর মন্ত্রণালয় সড়ক ও মহাসড়কগুলোর রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের জন্য এক হাজার ৪১০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গত বছর তাঁর মন্ত্রণালয়কে মাত্র ৫০ কোটি টাকা দেওয়া হয়। আর চলতি বছর মাত্র ৫৭ কোটি টাকা দেওয়া হয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম।