কক্সবাজারের আট উপজেলায় এবার প্রায় ১৬ লাখ মেট্রিক টন লবণ উৎপাদনের আশা করা হচ্ছে। কিন্তু একটি প্রভাবশালী মহল মিয়ানমারের লবণ এনে দেশীয় বাজারে ছাড়ার চেষ্টা করছে। এ কারণে দেশের চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন। এখন চারটি ট্রলার বোঝাই করে আরও এক হাজার ২০০ মেট্রিক টন লবণ টেকনাফ স্থলবন্দরে এনে সরাসরি সমুদ্রপথে নারায়ণগঞ্জ নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। এ নিয়ে চার দিন ধরে টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে লবণের মালিকদের রশি-টানাটানি চলছে।টেকনাফ লবণচাষি কল্যাণ সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া জানান, মিয়ানমার থেকে লবণ নিয়ে এলে স্থানীয় চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই যেকোনো মূল্যে এই লবণ আনা বন্ধ করতে হবে।কক্সবাজার জেলা লবণচাষি সংগ্রাম পরিষদের সভাপতি ও মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, বর্তমানে জেলার টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়াসহ আট উপজেলার প্রায় ৭০ হাজার একর জমিতে ৫০ হাজার চাষি লবণ উৎপাদনের কাজ করছেন। এ সময় যদি মিয়ানমার থেকে লবণ আনা হয়, তাহলে দেশীয় চাষিরা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়বেন। লবণ আমদানি বন্ধ না করলে চাষিদের সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।টেকনাফ স্থলবন্দরে সোমবার সকালে ঘুরে দেখা গেছে, নাফ নদীতে লবণ বোঝাই চারটি কার্গো নোঙর করে আছে। স্থানীয় শ্রমিকেরা জানান, এই লবণের মালিক কক্সবাজারের জনৈক ছিদ্দিকুর রহমান।অনুসন্ধান চালিয়ে জানা গেছে, মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের মোস্তফা কামাল চৌধুরীর মালিকানাধীন মেসার্স নুর সল্ট ইন্ডাস্ট্রিজের বিপরীতে এই লবণ আনা হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে লবণ বোঝাই চারটি ট্রলার চার দিন ধরে নাফ নদীতে পড়ে আছে।টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার কাজী আবুল হোসাইন জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে মিয়ানমারের ২০ হাজার মেট্রিক টন লবণ আমদানির অনুমতি নিয়েছেন ছিদ্দিকুর রহমান। তার প্রথম চালানে চারটি ট্রলারে এক হাজার ২০০ মেট্রিক টন এই বন্দরের মাধ্যমে খালাস করা হয়েছে। এখন দ্বিতীয় দফায় আরও চারটি ট্রলারে করে এক হাজার ২০০ মেট্রিক টন লবণ নিয়ে আসেন।টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড ল্যান্ডপোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মেজর (অব.) মাসুদুর রহমান বলেন, ‘প্রথম দফায় আনা লবণের বিপরীতে বন্দর কর্তৃপক্ষ প্রায় নয় লাখ টাকা হ্যান্ডেলিং চার্জ আদায় করে। এর মধ্যে সরকারি রাজস্ব ছিল তিন লাখ ৮৮ হাজার টাকা। দ্বিতীয় দফার লবণে অনুরূপ চার্জ দিতে হবে বিধায় সমুদ্রপথে নারায়ণগঞ্জ নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমরা অবৈধ পন্থায় ব্যবসা করতে রাজি হচ্ছি না।’ছিদ্দিকুর রহমান বলেন, ‘আসলে আমরা ২০ হাজার মেট্রিক টন লবণ আমদানির অনুমতি পেয়েছি। এই বন্দর দিয়ে লবণগুলো খালাশ করলে প্রায় নয় লাখ টাকা খরচ হয়। তাই সরাসরি নারায়ণগঞ্জ নিতে চেষ্টা করছি।’টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক মিয়া বলেন, মিয়ানমার থেকে লবণ আনার সুযোগ দেওয়ায় চাষিরা সরকারের ওপর ক্ষুব্ধ। এ কারণে সরকারি দল আওয়ামী লীগের ভাবমূর্তিও চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী বরাবরে লেখালেখি হচ্ছে।