ক্ষতিগ্রস্ত হিন্দুদের জন্য সরকারি খরচে বাসস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মন্দির ও উপাসনালয় নির্মাণ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানাতে প্রধানমন্ত্রী নিজেই তাঁদের কাছে যাবেন। দুষ্কৃতকারীদের বিচার নিশ্চিত করতেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারের পক্ষ থেকে একই ধরনের ঘর তৈরি করে দেওয়া হবে। এ দায়িত্ব দেওয়া হবে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)। রামুর ঘটনার পর যেভাবে দ্রুততার সঙ্গে পুনর্বাসন করা হয়েছে, সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের পুনর্বাসনে ওই অভিজ্ঞতা কাজে লাগানো হবে। প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে বাড়িঘর ও মন্দির নির্মাণের খরচ নির্বাহ করা হবে। প্রতিটি বাড়ি হবে একই আকৃতির। মেঝে ও দেয়াল পাকা করে ওপরে টিনের চালা দেওয়া হবে। আনুষঙ্গিক সব খরচই বহন করবে সরকার।
প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দেখতে প্রথম সফর করবেন সাতক্ষীরা, সম্ভাব্য তারিখ ২০ জানুয়ারি। এ ছাড়া যশোর, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, বাগেরহাটসহ সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলা সফর করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক কবির বিন আনোয়ার সব জেলা প্রশাসকের কাছে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের ক্ষয়ক্ষতির বিবরণ জানতে চেয়েছেন। জানতে চাইলে কবির বিন আনোয়ার বলেন, সব জেলা থেকে এখনো তথ্য পাওয়া যায়নি। খুব শিগগির সব জেলার তথ্য পাওয়া গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।
পুলিশ হেডকোয়ার্টার্স সূত্র জানায়, ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ১৮ জেলায় হিন্দু সম্প্রদায়ের প্রায় ২৮ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এসব ঘটনায় হওয়া মামলাগুলো বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির একটি হিসাব ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। ওই হিসাব অনুযায়ী গত ২৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত হিন্দুদের ৪৯৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার শিকার ব্যবসাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫৮৫টি। এ ছাড়া ১৬৯টি মন্দির ও উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। হিসাব অনুযায়ী, ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত প্রায় আড়াই হাজার হিন্দু পরিবার নানাভাবে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত হয়েছে।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, তাঁরা প্রধানমন্ত্রীর কাছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দাবি করেছিলেন। এ ছাড়া বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সন্ত্রাস দমন আইন ও দ্রুত বিচার আইনে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার দিনাজপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে যাবে। গতকাল সোমবার দিনাজপুরের জেলা প্রশাসক ক্ষয়ক্ষতি নিরূপণে এবং ভুক্তভোগীদের সাহস জোগাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেন।
প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি জানান, জেলা প্রশাসনের উদ্যোগ আয়োজিত ওই সভায় জানানো হয়, জেলার চিরিরবন্দরে ২৫টি দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। বীরগঞ্জে সাতোর ইউনিয়নে পোড়ানো হয়েছে ১৭টি বাড়ি। সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের কর্নাই গ্রামে ৫০টি দোকান ভেঙে দেওয়া হয়েছে, আগুনে পুড়েছে পাঁচটি বাড়ি এবং হামলার শিকার হয়েছে প্রায় ১৫০টি পরিবার।