ক্ষতিগ্রস্ত হয়েও নিরুপায় ভোক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পাস হয়েছে প্রায় এক বছর হলো। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, ১৬ কোটির বেশি জনসংখ্যার দেশে এ সময়কালে ক্ষতিগ্রস্ত ভোক্তার অভিযোগ নিবন্ধিত হয়েছে মাত্র একটি। দৃশ্যত দীর্ঘসূত্রতার কারণেই সে অভিযোগেরও প্রতিকার হয়নি। দেশে ভোক্তা অধিকার প্রতিষ্ঠার প্রথম আইনি উদ্যোগটির মৃত্যু ঘটেছে এভাবেই।সংবাদপত্রকর্মী আবু ইউসুফ ধানমন্ডির একটি প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার টাকায় আইপিএস কিনেছিলেন। কার্যক্ষমতা কমতে কমতে মাত্র তিন মাসের মধ্যে যন্ত্রটি অকার্যকর হয়ে পড়ে। আবু ইউসুফ বললেন, প্রতিষ্ঠানটির বিক্রয়-পরবর্তী সেবাব্যবস্থা ও আচরণ তাঁর কাছে মোটেই গ্রহণযোগ্য মনে হয়নি। তিনি এতই বিরক্ত হন যে ওই আর্থিক ক্ষতি মেনে নিয়েছেন।এভাবে ভোক্তা অধিকার হরণের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। কিন্তু ক্ষতিগ্রস্ত ভোক্তার কার্যত যাওয়ার কোনো জায়গা নেই। অনেক দাবিদাওয়ার পর গত বছরের ৬ এপ্রিল সংসদে পাস হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। কিন্তু বিধিমালা ও লোকবল নিয়োগ না হওয়ায় এত দিনেও এর কোনো প্রয়োগ হচ্ছে না। এ সীমাবদ্ধতার কারণে এ মুহূর্তে কর্তৃপক্ষ ভোক্তা অধিকার হরণজনিত ঘটনার কোনো অভিযোগ পর্যন্ত নিচ্ছে না।টেলিভিশন কিনে ক্ষতিগ্রস্ত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গত বছর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। কিন্তু নয় মাসেও তাঁর অভিযোগের কোনো সুরাহা হয়নি। অধিদপ্তর নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনা তদন্ত করে অভিযোগপত্র তৈরি না করায় শরীফুল ইসলাম কোনো প্রতিকার পাননি। এটিই ছিল এ আইনের আওতায় প্রথম অভিযোগ।কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) শরীফুল ইসলামের পক্ষে গত বছরের ৫ জুলাই অভিযোগ করার পর বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে তাদের বলা হয়েছিল, সংশ্লিষ্ট আইনের ‘বাস্তবায়ন কার্যক্রম শুরু হলে’ আবেদনটি মহাপরিচালক বরাবর পাঠানো হবে। আইনের বাস্তবায়ন কার্যক্রম শুরু হতে হতে অভিযোগ দায়েরের ৯০ দিনের মধ্যে মামলা করার বাধ্যতামূলক সময় পার হয়ে যায়।আইনজ্ঞ ও ভোক্তা-অধিকারকর্মীরা বলছেন, সংশ্লিষ্ট আইনটিতে আছে নানা ফাঁক ও দুর্বলতা। এর পরও তাঁরা আইনটির যথাসম্ভব প্রয়োগ চেয়েছেন। বাংলাদেশে বিক্রেতার এক ধরনের একাধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে মন্তব্য করে তাঁরা বলেছেন, ভোক্তার যে প্রতিকার পাওয়ার অধিকার আছে, প্রায় কেউই তা জানে না।গত এক বছরে দৃশ্যমান অগ্রগতি বলতে জাতীয় পর্যায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ ও জেলা পর্যায়ে কয়েকটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি গঠিত হয়েছে। পরিষদ এ পর্যন্ত দুটি বৈঠক করেছে। বিধিমালার অভাব বড় সমস্যা: এখন পর্যন্ত কোনো বিধিমালা তৈরি হয়নি, তৈরি হয়নি কোনো জনবল-কাঠামো বা বাজেট। ফলে কেউ অভিযোগ করলে তা তদন্ত বা অভিযোগপত্র দাখিলের কোনো সুযোগ নেই। এ কারণে গত এক বছর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রয়োগের কার্যত সুযোগ ছিল না।এ বিষয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন বলেন, ‘আমি রাতদিন কাজ করছি। খসড়া বিধিমালা ও সাংগঠনিক কাঠামো শিগগিরই আইন মন্ত্রণালয় ও সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হবে।’আইনের নানা দুর্বলতা: নানা দুর্বলতার কারণে বহুপ্রতীক্ষিত আইনটি প্রণয়নের দুই মাস পরই এটি সংশোধনের দাবি ওঠে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়ার অঙ্গীকারও করেছেন।এই আইন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ভোক্তা কারও বিরুদ্ধে সরাসরি মামলা করতে পারবেন না। তাঁকে ঘটনার ৯০ দিনের মধ্যে অধিদপ্তরের মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির কাছে লিখিতভাবে অভিযোগ করতে হবে। তিনি যদি মনে করেন, অভিযোগটি আমলযোগ্য, তাহলেই সেটি গ্রহণ করা হবে। আবার ৯০ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল না হলে মামলা আমলযোগ্য হবে না।এ ছাড়া বেসরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলে এর কোনো প্রতিকারই পাবেন না ভোক্তা। তিনি সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি জানাবেন মাত্র।