ক্ষতিগ্রস্ত ১৯ বৌদ্ধমন্দিরের নির্মাণকাজ শুরু
কক্সবাজারের রামু ও উখিয়ায় ক্ষতিগ্রস্ত ১৯টি বৌদ্ধমন্দিরের নির্মাণকাজ শুরু হয়েছে। এসব মন্দির স্থায়ীভাবে নির্মাণের জন্য সরকার প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজারের ১৭ ইসিবি (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন) এই কাজের বাস্তবায়ন করছে। ১৭ ইসিবির অধিনায়ক লে. কর্নেল ছিদ্দিক মো. জুলফিকার রহমান এর সত্যতা নিশ্চিত করে গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘এরই মধ্যে ক্ষতিগ্রস্ত মন্দিরের আবর্জনা, পুড়ে যাওয়া গাছপালা অপসারণের কাজ শেষ করা হয়েছে। এখন কয়েকটি মন্দিরের মাটি খুঁড়ে পাইলিংয়ের কাজ চলছে। তৈরি করা হয়েছে মন্দিরের স্থায়ী নকশা। আগামী ছয় মাসের মধ্যে সব মন্দিরের নির্মাণকাজ শেষ করা হবে।’সংশ্লিষ্ট সূত্র জানায়, এ, বি, সি—এই তিন ক্যাটাগরিতে মন্দিরগুলোর নির্মাণনকশা তৈরি করা হয়েছে। রামু কেন্দ্রীয় সীমা বিহারটিকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। দ্বিতলবিশিষ্ট আধুনিক মানের এ ক্যাটাগরির এই মন্দিরের ওপর আগের মতো টিনের কারুকাজসংবলিত গম্বুজ রাখা হয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে সাতটি মন্দির। ‘সি’ ক্যাটাগরিতে ১১টি। বি ও সি ক্যাটাগরির ১৮টি মন্দির হবে একতলা পাকা ভবনের ওপরে টিনের কারুকাজসংবলিত গম্বুজ। সব মন্দির তৈরির বিপরীতে বরাদ্দ করা হয়েছে ১১ কোটি ৬৩ লাখ টাকা। গত ২৯ সেপ্টেম্বর রাতে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী হামলা ও অগ্নিসংযোগ করে রামুর ১২টি প্রাচীন কাঠের তৈরি বৌদ্ধমন্দির ধ্বংস করে। এ সময় ৩০টির বেশি বসতবাড়ি পুড়িয়ে ফেলা হয়। পরের দিন ৩০ সেপ্টেম্বর উখিয়ায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয় আরও সাতটি মন্দির।সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামু পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত ৮৪ পরিবারের বসতবাড়ি পুনর্নির্মাণের জন্য প্রায় চার কোটি টাকার অর্থসহায়তা দেন। এ সময় দলীয় এক জনসভায় শেখ হাসিনা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত সব বৌদ্ধমন্দির দ্রুত পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন।রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, সেনাসদস্যরা ইতিমধ্যে নকশা তৈরির পাশাপাশি ধ্বংসস্তূপ ও পুড়ে যাওয়া গাছপালা অপসারণের কাজ শেষ করেছেন। এখন মন্দিরের ভিত্তি স্থাপনের কাজ চালাচ্ছেন। মন্দির পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করে তাঁরা (সেনাসদস্যরা) এ নকশা তৈরি করেন। রামু বৌদ্ধ কল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর তহবিলের টাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরবাড়ি তৈরি করার সুযোগ পেয়েছে। এখন ধ্বংসপ্রাপ্ত মন্দিরের নির্মাণকাজও শুরু হয়েছে। এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা খুশি। তাঁরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। ২৯ অক্টোবর বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা। তাই আমরা ৩০ অক্টোবর পর্যন্ত মন্দিরের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সেনাবাহিনীর কাছ থেকে সময় নিয়েছি। আগামী ১ নভেম্বর থেকে সেনাসদস্যরা মন্দিরের নির্মাণকাজ পুনরায় শুরু করতে পারবেন।’সেনা সূত্র এর সত্যতা নিশ্চিত করেছে।