ক্ষতিগ্রস্ত ৩৫০ কিমি সড়ক সংস্কারের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাভাবিক জোয়ার, জলোচ্ছ্বাস ও বৃষ্টিতে ঘূর্ণিঝড় রোয়ানুর পর থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত ভোলায় প্রায় ৩৫০ কিলোমিটার সড়ক এবং ২০টি সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু পর্যাপ্ত বরাদ্দের অভাবে এগুলো এখনো সংস্কার হয়নি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, সড়ক ও জনপথের (সওজ) ৪০ কিলোমিটার; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১৬০ কিলোমিটার; ভোলা, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন পৌরসভার প্রায় ১২০ কিলোমিটার; চরাঞ্চলের ৩০ কিলোমিটার কাঁচা সড়কসহ প্রায় ৩৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো সারাতে আনুমানিক ১২০ কোটি টাকা লাগবে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সময়মতো বাঁধ সংস্কার না করায় সড়কের ক্ষতি বেড়েছে।
এক সপ্তাহ সরেজমিনে দেখা যায়, সওজ বিভাগের অধীন ভোলা-চরফ্যাশন সড়কের ভোলা সদর থেকে বোরহানউদ্দিন শহর ও বোরহানউদ্দিন কুঞ্জেরহাট থেকে লালমোহন শহর, ভোলা-ইলিশা, লালমোহন-মঙ্গল শিকদার, বাংলাবাজার-দৌলতখান, লালমোহন-দেবীরচর, চরফ্যাশন-দুলারহাট, চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কসহ ৪০-৫০ কিলোমিটার সড়কে গর্ত রয়েছে।
সদর উপজেলার কমপক্ষে ৭০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আমির হোসাইন বলেন, সড়কের অভাবে তাঁরা অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রলারে করে মেঘনা পার হচ্ছেন। পাউবোর অলসতার কারণে সড়কগুলোর ক্ষতি হয়েছে।
দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে প্রায় ২০ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম বলেন, এ ইউনিয়নের প্রায় ১৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তজুমদ্দিন উপজেলার মোট ২৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার ৯ কিলোমিটার, চরফ্যাশন উপজেলার ২৭ কিলোমিটার কাঁচা সড়ক ধসে গেছে। মনপুরা উপজেলার ৭ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কুকরিমুকরি ইউপির চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, ইউনিয়নে উঁচু মাটির সড়ক করা জরুরি। নইলে বারবার ঝড়-জলোচ্ছ্বাসে সড়ক নষ্ট হচ্ছে।
ভোলা সদর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, ১২ কিলোমিটার নতুন সড়ক নির্মিত হবে, এ জন্য উপকূলীয় শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২৭ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। তবে সড়ক সংস্কারে কোনো বরাদ্দ আসেনি।
এলজিইডির ভোলার নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, ‘ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য প্রকল্প মন্ত্রণালয়ে অনেক আগে পাঠিয়েছি। বরাদ্দ আসেনি। তবে অন্য প্রকল্পের ১৮ কোটি টাকা এসেছে ৮৫ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য।’
ভোলা সওজের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ঝড়-বৃষ্টিতে তাঁদের মোট ৪০ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৮ কিলোমিটার সড়ক সংস্কারের দরপত্র ডাকা হয়েছে।