খাগড়াছড়ির দীঘিনালায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬৯টি পরিবারকে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার সকালে উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে তারাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে নগদ টাকা ও ত্রাণসামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের আঞ্চলিক অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ, উপ-অধিনায়ক মেজর সাব্বির আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ শহিদুল ইসলাম ও কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে ২৫টি পরিবারের প্রতিটিকে ৫ কেজি করে চাল, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ৫০০ গ্রাম ডাল এবং শুকনা খাবার হিসেবে চিড়া, মুড়ি ও গুড় দেওয়া হয়েছে। এর মধ্যে অসহায় পাঁচটি পরিবারকে ত্রাণসামগ্রীর পাশাপাশি ৯ হাজার করে ৪৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারের বাড়িতে নগদ ১ হাজার করে ৪৪ হাজার টাকা পৌঁছে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার ভোরে ঝড়ে উপজেলার তারাবনীয়া গ্রামের ৫০টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১০০টি ঘর। উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ে ভেঙে গেছে আরও ১০টি ঘর।
ইউএনও শেখ শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ৪৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। বরাদ্দ পেলে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ-সহায়তা দেওয়া হবে।