ক্ষতিগ্রস্ত ৭০টি লোহার সেতু আজও মেরামত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের সাতটি উপজেলায় ২০০৭ সালের ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত ৭০টি লোহার সেতু আজও মেরামত করা হয়নি। জেলাবাসীকে দুর্ভোগের মধ্যে চলাচল করতে হচ্ছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজার এলাকার লোহার সেতুটি ভাঙা অবস্থায় পড়ে আছে। এ সেতু দিয়ে লোকজন পারাপার হতে পারছে না। প্রায় একই অবস্থা সাতটি উপজেলার ক্ষতিগ্রস্ত ৭০টি লোহার সেতুর।সাপলেজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম কবির বলেন, এই সেতুটি দিয়ে সাপলেজা, আমড়াগাছিয়া, মাছুয়া ও বেতমোর চারটি ইউনিয়নের লোকজন চলাচল করত। এখন তাদের দীর্ঘপথ ঘুরে চলাচল করতে হয়। সাপলেজা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আবদুর রাশেদ জানান, সাপলেজা সেতু ভাঙা থাকার কারণে স্থানীয় দুটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে কাছের আমড়াগাছিয়া ও হোগলপাতি গ্রামের শিক্ষার্থীদের দীর্ঘ পথ ঘুরে বিদ্যালয়ে আসতে হয়। মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন বলেন, সিডরে সাপলেজা, মাছুয়া, আমড়াগাছিয়া ও বেতমোর এলাকার ছোট-বড় ৩০টি লোহার সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো মেরামত বা নতুন করে নির্মাণ না করায় এলাকার মানুষের দুর্ভোগ হচ্ছে। এ কারণে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জনপ্রতিনিধিরা আমাদের প্রায়ই তুলোধুনা করেন। স্বরূপকাঠি উপজেলার জলাবাড়ি ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম জানান, সিডরে এ ইউনিয়নের মাদ্রা-ঝালকাঠি এলাকার মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় জনগণকে এখন সেতুর বদলে সাঁকোর ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আ. হাই বলেন, দক্ষিণাঞ্চলে সিডরে লোহার সেতুগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রয়োজনীয় তহবিলের অভাবে এ পর্যন্ত মেরামত করা যায়নি। লোকজনের চলাচলের সুবিধার্থে এ সেতুগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।