ক্ষতিগ্রস্তদের অনশন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার অনশনের চতুর্থ দিন অতিবাহিত হয়েছে। কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।খনি এলাকায় বিপুলসংখ্যক পুলিশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. ময়নুল ইসলাম বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।গতকাল দুুপুরে বড়পুকুরিয়া কয়লাখনির প্রধান ফটকে গিয়ে দেখা যায়, অনশন কর্মসূচিতে আছেন পাঁচ শতাধিক নারী-পুরুষ। তাঁদের মধ্যে ছয়জন বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাঁদের স্যালাইন দেওয়া হয়। এ সময় সেখানে এসে হাজির হন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন। তিনি অবকাঠামো বাবদ ক্ষতিপূরণের ৩৩ কোটি টাকার মধ্যে পাঁচ কোটি ২৬ লাখ টাকার ১১৩টি চেক দেওয়ার প্রস্তাব করেন। কিন্তু তাতে অস্বীকৃতি জানিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অনশন অব্যাহত রাখার ঘোষণা দেন।আন্দোলনকারীদের নেতা ইব্রাহিম খলিল বলেন, ক্ষতিপূরণ প্রদানে জেলা প্রশাসনের জরিপ দল ৩১৮ জন ভূমিহীনের তালিকা করেছিল। কিন্তু সেই তালিকা কাটছাঁট করে ১৫৬ জনে কমিয়ে আনা হয়েছে। তিনি আরও বলেন, তাঁরা ক্ষতিপূরণের পুরো টাকা চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।তবে অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন সাংবাদিকদের বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকার জমির মালিকানা নিয়ে জটিলতা আছে। এ জটিলতা নিরসন করতে জেলা প্রশাসনের জরিপ দল মাঠে কাজ করতে চাইলেও তাদের এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। এ অবস্থায় জেলা প্রশাসন চাইলেও ক্ষতিপূরণের পুরো টাকা দেওয়া সম্ভব নয়।’