ক্ষতিগ্রস্তদের অনশন কর্মসূচি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ জুনের মধ্যে সব দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় বড়পুকুরিয়া কয়লাখনির গেটে আমরণ অনশনরত খনি এলাকার ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের নারী-পুরুষ তাঁদের অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। দিনাজপুরের জেলা প্রশাসক মো. আবদুল জলিল এবং অনশনরত জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল খবরের সত্যতা স্বীকার করেছেন।দিনাজপুরের জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, বড়পুকুরিয়া খনি এলাকার মানুষের আমরণ অনশন কর্মসূচির পরিপ্রেক্ষিতে সমস্যা সমাধানে গত বৃহস্পতিবার ঢাকায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয়ের এক জরুরি সভা হয়। সভায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন, ক্ষতিপূরণ, ভূমি অধিগ্রহণ, খনিতে এলাকার মানুষের চাকরির অগ্রাধিকার, বাড়ি-ঘর মেরামতসহ বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্তদের দাবিগুলো নিয়ে আলোচনা ও বিচার-বিশ্লেষণ করা হয়। আগামী জুন মাসের মধ্যে পর্যায়ক্রমে দাবিগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মকবুল হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনশনকারীদের প্রতিনিধিদের সঙ্গে গতকাল বৈঠক হয়। বৈঠকে তাঁরা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে নিয়ে অনশন প্রত্যাহার করে নেন।