ক্ষতিগ্রস্তদের অস্থায়ী ভিত্তিতে পুনর্বাসন করল ডিএনসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে ধসে পড়া গুলশান ১ নম্বরের ঢাকা উত্তর সিটি করপোরেশন কাঁচা মার্কেটের ব্যবসায়ীদের অস্থায়ী ভিত্তিতে পুনর্বাসন করা হয়েছে। মার্কেটের পার্কিং এবং ধ্বংসস্তূপ সরিয়ে খালি করা জায়গায় বাঁশ ও পলিথিন দিয়ে বানানো অস্থায়ী দোকান গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের বুঝিয়ে দেওয়া হয়।
গত ২ জানুয়ারি রাতে লাগা আগুনে ডিএনসিসি মার্কেটের কাঁচা মার্কেট অংশ পুরোপুরি ধসে পড়ে এবং পাকা মার্কেটের দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের ঘটনার দেড় মাসের মধ্যে ধ্বংসস্তূপ সরিয়ে নতুন অস্থায়ী দোকানে ব্যবসায়ীদের পুনর্বাসন করল ডিএনসিসি।
অগ্নিকাণ্ডের দুদিন পর ৪ জানুয়ারি থেকে ধসে পড়া মার্কেটের ধ্বংসাবশেষ অপসারণের কাজ শুরু করে ডিএনসিসি। গত ৭ জানুয়ারি থেকে ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য পাকা মার্কেটের সামনে অস্থায়ী দোকান নির্মাণ শুরু হয়। কাঁচা মার্কেটের ধ্বংসস্তূপ অপসারণের পর সে স্থানেও অস্থায়ী দোকান নির্মাণ করা হয়েছে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ডিএনসিসির বিশেষ উন্নয়ন খাত থেকে ৩৬ লাখ টাকা ব্যয়ে তিনটি অস্থায়ী ছাউনি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে পাকা মার্কেটের উত্তর পাশে ‘এ’ ব্লকে ৬৪টি দোকান, পশ্চিম পাশে ‘বি’ ব্লকে ১৮টি দোকান এবং পূর্ব পাশে ধসে পড়া ভবনের জায়গায় ‘সি’ ব্লকে আছে ২২৪টি দোকান।
গতকাল বিকেলে মার্কেটে অস্থায়ী দোকান হস্তান্তর অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, দেড় মাসের কম সময়ে ধ্বংসস্তূপ সরিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অস্থায়ীভাবে পুনর্বাসন করা হয়েছে। এই ছাউনি সাময়িক। এখানে বহুতল ভবন নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
মেয়র বলেন, বহুতল ভবন নির্মাণের আগে পর্যন্ত এই অস্থায়ী দোকানগুলো পরিচালনার দায়িত্বে থাকবে ডিএনসিসি। দোকান ভাড়া নেওয়া ব্যবসায়ীদের প্রতি মাসে ২ হাজার টাকা ভাড়া দিতে হবে। এর মধ্যে দোকানের মালিক পাবেন ১ হাজার ৭০০ টাকা আর ডিএনসিসি পাবে ৩০০ টাকা। আর মালিক যদি নিজেই দোকান পরিচালনা করেন তবে তাঁদের ডিএনসিসিকে শুধু ৩০০ টাকা দিতে হবে। তবে অগ্নিকাণ্ডের দিন থেকে পরের তিন মাসের কোনো ভাড়া দিতে হবে না।
হস্তান্তর অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলামের সভাপতিত্বে ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান, পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, কাঁচা মার্কেট ব্যবসায়ী সমিতির সহসভাপতি হুমায়ুন কবীর প্রমুখ বক্তব্য রাখেন।
অস্থায়ী ছাউনি ঘুর দেখা যায়, মার্কেটের পার্কিং ও ধসে পড়া মার্কেটের খালি জায়গায় বাঁশের কাঠামো দিয়ে সারি সারি দোকান নির্মাণ করা হয়েছে। ব্যবসায়ীরা বাচ্চাদের প্যাম্পার্স, শিশুখাদ্য, বিদেশি চকলেট, শুকনো খাবার, খেলনার পসরা সাজিয়ে বসেছেন। এক পাশে কাঁচাবাজারে সবজি, ফলমূল বিক্রি হচ্ছে।
কাঁচা মার্কেটের ব্যবসায়ীদের পুনর্বাসনে ডিএনসিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ধসে পড়া মার্কেটের ব্যবসায়ীরা। গতকাল কাঁচা মার্কেটের একাধিক ব্যবসায়ী বলেন, বছরের শুরুর দিকের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। বাড়িভাড়া, সন্তানদের স্কুলে ভর্তিতেও অনেকে সমস্যায় পড়েছেন। সিটি করপোরেশন দ্রুত ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করায় তাঁরা কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।
ধসে পড়া মার্কেটের দোতলায় ছিল বিদেশি চকলেট, খাবারের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান জেসি এন্টারপ্রাইজ। অগ্নিকাণ্ডের পরে গতকালই প্রথম অস্থায়ী বরাদ্দ পাওয়া দোকানটি খোলা হয়েছে। এর ব্যবস্থাপক শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, আগের চেয়ে দোকান অনেক ছোট ও অস্থায়ী হলেও খুশি। আপাতত জীবন চালানোর মতো ব্যবস্থা হয়েছে। তবে দ্রুত স্থায়ী পুনর্বাসন করা হোক, এটাই ব্যবসায়ীদের দাবি।
১৯৮৩ সালে ২ দশমিক ৪৭ একর জমির ওপর গুলশান ১ নম্বরের কাঁচা মার্কেটটি নির্মাণ করা হয়। ২০০২ সালে মার্কেটের কয়েকটি বিম ও কলামে ফাটল দেখা দেয়। মার্কেটের জায়গায় একটি বহুতল ভবন নির্মাণের জন্য একটি নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে ডিএনসিসির চুক্তি হয়। ২০১৩ সালে বুয়েট মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। মার্কেটের ব্যবসায়ীদের মামলার কারণে মার্কেট ভবনটি খালি করতে পারেনি ডিএনসিসি।