ক্ষতিগ্রস্তদের আমরণ অনশন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত বাসিন্দারা গতকাল বৃস্পতিবার দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন অব্যাহত রেখেছেন। এতে প্রায় ৫০ জন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। প্রায় ৩০ জনকে স্যালাইন দেওয়া হয়েছে। অনশনকারীরা দাবি আদায় ছাড়া বাড়ি না ফেরার কথা বলছেন।পার্বতীপুরের হলদিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ সদস্যের চিকিত্সক দল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুজিব-উল-রেদৌস সকাল সাড়ে ১০টায় অসুস্থদের চিকিত্সা দিতে ঘটনাস্থলে আসেন। চিকিত্সক শ্যামল কৃষ্ণ মণ্ডল ও বাসুদেব মণ্ডল বলেন, প্রচণ্ড রোদ ও খরতাপে অনশনকারীদের পানিস্বল্পতা দেখা দিচ্ছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের প্রয়োজনীয় চিকিত্সাসহ স্যালাইন দেওয়া হচ্ছে।অনশনকারীরা বলছেন, এখন পর্যন্ত খনির কোনো কর্মকর্তা তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ও করতে আসেননি। এ বিষয়ে খনির মহাব্যবস্থাপক (জিএম) মীর আবদুল মতিন বলেন, বুধবার রাত সাড়ে ১০টায় মুঠোফোনে কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিলের সঙ্গে কথা বলে কর্মসূচি প্রত্যাহার ও আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা রাজি হচ্ছেন না। ইব্রাহীম খলিল বলেন, ফোনে তিনি বিষয়টির সমাধানের ব্যাপারে কিছুই বলেননি।কয়লাখনির জিএম মীর আবদুল মতিন বলেন, বিষয়টির ব্যাপারে খনির এমডি মো. কামরুজ্জামান ঢাকায় গেছেন। বুধবার বিকেলে সচিব পর্যায়ে বৈঠক হয়েছে। এতে সন্তোষজনক ফল এসেছে। আজ (গতকাল) বৃহস্পতিবার বিকেলে আন্তমন্ত্রণালয়ের বৈঠক হবে। আশা করা যায়, শিগগিরই সমস্যার সমাধান হবে।