ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু, টেকনাফ, উখিয়াসহ বিভিন্ন স্থানে বৌদ্ধবিহার ও বৌদ্ধবসতিতে হামলার প্রতিবাদ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবিতে নানা সংগঠন গতকাল রাজধানীতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচি থেকে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও সংশ্লিষ্ট এলাকায় শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার দাবি করা হয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ করেছে। রোকেয়া কবীরের সভাপতিত্বে অনুুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন হামিদা হোসেন, আমিনুল ইসলাম, নূমান আহমেদ খান, বাসদের কমরেড খালেকুজ্জামান প্রমুখ। হিউম্যান এনভায়রনমেন্ট রাইটস সোসাইটি (হারস) গতকাল বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে নির্বাক মানববন্ধন করে। মানববন্ধনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মাবলম্বীরা অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ৬ অক্টোবর শনিবার সারা দেশে ‘ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ দিবস’ পালন করবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ কর্মসূচি ঘোষণা করেন। সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ হামলার ঘটনায় বিচারের দাবিতে আজ বুধবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেছে। বাংলাদেশ শান্তি পরিষদ আজ বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম এতে উপস্থিত থাকবেন। আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, বৌদ্ধবিহার ও বসতিতে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। এসব কর্মসূচি থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের আয়োজনে সকাল ১০টায় মানববন্ধন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত ওই মানববন্ধনে বিভাগের শিক্ষক কাজী নূরুল ইসলাম বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করার জন্য এ হামলা চালানো হয়েছে। অন্যান্যের মধ্যে বিভাগের শিক্ষার্থীরা ও সুকোমল বড়ুয়া, মো. ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকায় রামু স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বেলা ১১টায় ডাকসু ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে। ছাত্র সংগ্রাম পরিষদ দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্র সমিতির আহ্বায়ক শহিদুর রহমান, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, ছাত্র আন্দোলনের সভাপতি প্রণব বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।