টঙ্গীর বিসিক শিল্পনগরীতে টাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ড ও ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে এবং সে জন্য তহবিল সংগ্রহে কারখানার মালিকের ব্যাংক হিসাব জব্দে অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছে তিনটি সংগঠন। রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আগামী সোমবার আদেশের দিন রেখেছেন।
ওই দুটিসহ বেশ কয়েকটি নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর গতকাল বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে শুনানি হয়। ওই ঘটনার তদন্তে আসা ফল ও সুপারিশের প্রতিবেদনও হাইকোর্টে দাখিল করতে নির্দেশনা দেওয়ার আরজি জানানো হয়েছে রিটে।
টাম্পাকোর দুর্ঘটনা এড়াতে দায়িত্বপ্রাপ্তদের অবহেলা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা চ্যালেঞ্জ করে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিট করে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া ও তানিম হোসেইন। মালিকপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। পরে আইনজীবী তানিম হোসেইন প্রথম আলোকে বলেন, ‘শ্রম আইনে এসব ক্ষেত্রে মাত্র এক থেকে দেড় লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। এটি পর্যাপ্ত নয়, এ অবস্থায় আদালতের আদেশ দেওয়া দরকার। ওই দুর্ঘটনায় কেউ মারা গেছেন, কেউবা আহত হয়েছেন। কত ক্ষতিপূরণ তাঁদের জন্য যথাযথ হবে, তা যাচাই ও নিরূপণ করার জন্য আদেশ চাওয়া হয়েছে। ’
টাম্পাকোর দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং ওই অগ্নিকাণ্ড ও ভবনধসে নিহত-আহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুসারে কার্যকর তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না—এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
রিট আবেদনে শ্রম ও কর্মসংস্থানসচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পুলিশের মহাপরিদর্শক, প্রধান কারখানা পরিদর্শক, টাম্পাকোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ১৯ জনকে বিবাদী করা হয়েছে।
১০ সেপ্টেম্বর টাম্পাকো ফয়েলস লিমিটেডে অগ্নিকাণ্ড ও ভবনধসের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ৩৪ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩৫ জন। এখনো ১১ জন শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।