ক্ষতিগ্রস্তদের খাপ খাইয়ে নিতে নতুন কৌশল আবিষ্কারে গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য নতুন নতুন কৌশল আবিষ্কারের ওপর গুরুত্বারোপ করেছেন গবেষকেরা; যাতে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তাঁরা নিজেদের খাপ খাইয়ে নিতে সক্ষম হন। গতকাল রোববার মংলার শেহালাবুনিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আয়োজিত দিনব্যাপী কর্মশালায় গবেষকেরা এ অভিমত ব্যক্ত করেন। এতে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স সার্ভিসের (বিসিএএস) গবেষক জহিরুল ইসলাম এ অভিমত ব্যক্ত করে বলেন, এটি না করলে উপকূলীয় এলাকা মানুষের বসবাসের জন্য কঠিন হয়ে পড়বে। কর্মশালায় সাংবাদিক ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর নেতাদের সঙ্গে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগণের অভিযোজন ও মিডিয়ার ভূমিকা’ নিয়ে আলোচনা করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন রূপান্তরের অপারেশন কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ। আরও বক্তব্য দেন সংস্থার সীমা রায়, ধীরাজ গাইন ও অনুপ রায়। সাংবাদিকদের করণীয় বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম, সাংবাদিক মনিরুল ইসলাম, সুমেল সারাফাত প্রমুখ। বক্তারা আরও অভিমত ব্যক্ত করেন যে, জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলে লবণের মাত্রা দিন দিন বাড়ছে। ফলে লবণসহিষ্ণু ধান, সবজি ও মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জনপদের জীবন-জীবিকায়। লবণাক্ততা অসহনীয় মাত্রায় বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন ধরনের উদ্ভিদ, পশুপাখি ও মাছ ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। মানুষ কর্মসংস্থান হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়ছে। এ মুহূর্তে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে চরম বিপর্যয়ের মুখে পড়বে এই অঞ্চলের মানুষ ও জীববৈচিত্র্য।