ক্ষতিগ্রস্তদের জন্য অপ্রতুল বরাদ্দ
বগুড়ার আদমদীঘি উপজেলার ওপর দিয়ে গত শনিবার বয়ে যাওয়া ঝড়ে প্রায় পৌনে চার কোটি টাকার বেশি ক্ষতি হয়। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত দুর্গতদের সহায়তার জন্য প্রশাসন মাত্র পাঁচ টন চাল বরাদ্দ দিয়েছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত লোকজন দাবি করেন, দেড় হাজারের বেশি ক্ষতিগ্রস্ত লোকজন মাথাপিছু সহায়তার পরিমাণ মাত্র ৩ কেজি ২১ গ্রাম, যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আদমদীঘি উপজেলা প্রশাসনের তৈরি করা তালিকা অনুযায়ী উপজেলায় এক পৌরসভা ও ছয় ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মোট ১ হাজার ৫৫৪ পরিবারের মধ্যে ১ হাজার ১২২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু সান্তাহার পৌর ও সান্তাহার ইউনিয়ন এলাকায়। ওই তালিকা অনুযায়ী মানুষের ঘর-বাড়ি ও গাছপালার ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ৪০ লাখ। উঠতি বোরো ফসলের ক্ষতি ৭০ লাখ এবং ৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ লাখ টাকাসহ মোট প্রায় পৌনে ৪ কোটি টাকা।
সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের কৃষক আবদুস সামাদ বলেন, ‘ঝড়ে তাঁর বাড়ির সব টিন উড়ে গেছে। এতে আমার প্রায় ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত মাত্র তিন কেজি চাল দিয়ে আমি কী করব।’
সান্তাহার ইউনয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ থেকে যে পরিমাণ অর্থসহায়তা দেওয়া হয়েছে, তার চেয়ে অনেক বেশি অর্থ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে খরচ হয়েছে।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ চেয়ে গত সোমবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে।