ক্ষতিগ্রস্তদের জন্য চাল পাঠানো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে গত বছরের প্রচণ্ড ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি ত্রাণ সহায়তা হিসেবে দ্বিতীয় দফায় আরও ১০ হাজার মেট্রিক টন চাল পাঠানোর কাজ শুরু হয়েছে। গতকাল পঞ্চগড় ও দিনাজপুর থেকে ২০টি ট্রাকে ৫০০ টন চাল পাঠানো হয়।
পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের সহযোগিতায় গতকাল শনিবার থেকে এই চাল পাঠানো শুরু হয়। তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এই চাল ভারতের ফুলবাড়ী স্থলবন্দর হয়ে নেপালে পাঠানো হচ্ছে।
গতকাল শনিবার সকালে পঞ্চগড় সদর উপজেলা খাদ্যগুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে চাল পাঠানো কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক আনিসুর রহমান, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, জেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুল কাদের, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, দ্বিতীয়বারের মতো বরাদ্দকৃত ১০ হাজার টন চালের মধ্যে পঞ্চগড় জেলা খাদ্যগুদাম থেকে পাঠানো হচ্ছে সাড়ে চার হাজার টন ও দিনাজপুর জেলা খাদ্যগুদাম থেকে সাড়ে পাঁচ হাজার টন।