ক্ষতিগ্রস্তদের তালিকায় হামলাকারীদের নাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষয়ক্ষতির তালিকায় ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি ও জামায়াতের নেতাদের প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন দাবি করছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা না পাওয়ায় তালিকা প্রণয়নে কিছুটা ভুলভ্রান্তি হয়েছে।জামায়াত-শিবির গত ২৮ ফেব্রুয়ারি বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রে হামলা চালিয়ে চার কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে। তারা রেলস্টেশন, দোকানপাট ও আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর এবং মহিলা ভাইস চেয়ারম্যান ও সংখ্যালঘুদের ঘরবাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সহিংসতায় ক্ষয়ক্ষতির একটি তালিকা তৈরি করে উপজেলা প্রশাসন। ৩ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম স্বাক্ষরিত তালিকাটি অর্থ বরাদ্দের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়।মামলার এজাহার ও ক্ষয়ক্ষতির তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, পুলিশ হত্যাসহ একাধিক ঘটনায় আবু তৈয়ব, শাহ আলম ও হান্নানকে আসামি করা হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকায় জামায়াতের কর্মী আবু তৈয়বের ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৫০ হাজার, শাহ আলমের ওষুধের দোকান শাকিল ফার্মেসির ৫০ হাজার এবং মো. হান্নানের খন্দকার পোলট্রির ৫০ হাজার টাকা ক্ষতি দেখানো হয়।জানতে চাওয়া হলে পুলিশ হত্যা মামলার বাদী ও বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হানিফ বলেন, ‘ক্ষয়ক্ষতির তালিকায় আসামিদের প্রতিষ্ঠানের নাম দেওয়ার বিষয়ে কিছু জানি না। তবে শুধু পুলিশ হত্যাসহ হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদেরই আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে জামায়াতের কর্মী-সমর্থক বেশি।’ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর মামলার বাদী ও ইউনিয়ন কমিটির সভাপতি মজনু মিয়া বলেন, ভাঙচুরের ঘটনায় জড়িত জামায়াতের নেতা-কর্মীদের নাম নিশ্চিত হওয়ার পরই তাঁদের আসামি করা হয়েছে। কিন্তু প্রশাসন স্বজনপ্রীতি করে তাঁদের নাম তালিকাভুক্ত করে। এ ছাড়া উপজেলার বামনডাঙ্গা আল হিকমা মাদ্রাসার সুপার জাহাঙ্গীর আলম তাঁর প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে পুলিশের ওপর হামলায় নেতৃত্ব দেন। কিন্তু উপজেলা প্রশাসন সেই সুপারের প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকার ক্ষতি দেখিয়েছে।ইসলাম শিপ বিল্ডার্স কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার বাদী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত। এলাকার কে কোন দল করে আমি জানি। আমার দায়ের করা মামলার আসামিরা সবাই জামায়াতের নেতা-কর্মী কিংবা সমর্থক।’ তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তালিকা প্রণয়নে দায়িত্বশীলতার পরিচয় দেননি।ইউএনও আহসান হাবীব বলেন, ‘তালিকা প্রণয়নের সময় বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ক্ষমতাসীন দলের ইউনিয়ন পর্যায়ের নেতাসহ সংশ্লিষ্ট কেউ তেমন সহযোগিতা করেননি। তাই তালিকায় কিছু ভুল হয়েছে। এখন তালিকা সংশোধনের উদ্যোগ নিয়েছি।’সুন্দরগঞ্জের পিআইও জহিরুল ইসলাম বলেন, তালিকা তৈরি করার সময় কে কোন দলের, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে যাঁদের নিয়ে প্রশ্ন উঠেছে, তাঁরা ক্ষতিপূরণ পাবেন না।