ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। নির্মূল কমিটি বলেছে, সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে ক্ষমতাসীন দলের কোনো নেতা-কর্মী যুক্ত থাকলে অবিলম্বে তাঁদের দল থেকে বহিষ্কার করে আইনের হাতে তুলে দিতে হবে।

‘দশম জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সরকার এবং নাগরিক সমাজের দায়িত্ব’ শীর্ষক সংবাদ সম্মেলনে গতকাল রোববার নির্মূল কমিটি এ দাবি জানায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়, এবারের নির্বাচনকেন্দ্রিক সন্ত্রাস ও সাম্প্রদায়িক সহিংসতার জন্য জামায়াত-বিএনপির নির্বাচন বানচালের কর্মসূচি দায়ী হলেও এতে সরকারের দায় রয়েছে। নির্বাচন কমিশন ১৮ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ১৩ হাজার কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও বহু ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচনের সময় সেনাবাহিনী নামানো হয়েছে শুধু মহাসড়ক পাহারা দেওয়ার জন্য। উপদ্রুত এলাকায় সন্ত্রাসী হামলা প্রতিরোধে সেনাবাহিনী কেন দৃশ্যমান ছিল না, এর জবাব নির্বাচন কমিশনকে দিতে হবে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, অনেক স্থানে আক্রান্ত ব্যক্তিরা স্থানীয় থানা-পুলিশের সহযোগিতা পাননি। কোনো কোনো এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় অংশ নিতে দেখা গেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ জানুয়ারি নির্মূল কমিটির চারটি দল চারটি বিভাগে সাম্প্রদায়িক সন্ত্রাসে আক্রান্ত এলাকা পরিদর্শন করে নির্যাতিত মানুষদের ত্রাণ-সাহায্য দেওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির বিবরণ, হামলাকারীদের রাজনৈতিক পরিচয়, স্থানীয় প্রশাসন ও সরকারি দলের ভূমিকা প্রভৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এগুলো নিয়ে নির্মূল কমিটি শ্বেতপত্র প্রকাশ করবে।

নির্মূল কমিটির চারটি পরিদর্শন দলকে নেতৃত্ব দেওয়া ও সংগঠনের সহসভাপতি মুনতাসীর মামুন, আইনবিষয়ক সম্পাদক তুরিন আফরোজ, অধ্যাপক কামরুজ্জামান এবং সাংবাদিক শওকত বাঙালি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন নির্মূল কমিটির সহসভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও ফেরদৌসি প্রিয়ভাষিণী, সাধারণ সম্পাদক কাজী মুকুল প্রমুখ।