ক্ষতিগ্রস্তদের পাঁচ লাখ টাকা দিতে নির্দেশ দিলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক নারী ও শিশুকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া মো. আবদুর রাজ্জাক নামের এক আসামির দণ্ড সংশোধন করে ক্ষতিগ্রস্তদের পাঁচ লাখ টাকা দিতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। আসামির কারাবাসের সময়কাল দণ্ড হিসেবে গণ্য হবে। বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী এ বি এম আলতাফ হোসেন পরে প্রথম আলোকে বলেন, হাইকোর্ট মৃত্যুদণ্ড সংশোধন করে রাজ্জাককে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন। আইনে সর্বোচ্চ এক লাখ টাকা ক্ষতিপূরণের বিধান আছে। হাইকোর্ট অন্তর্নিহিত ক্ষমতায় তিন কিস্তিতে ওই টাকা ক্ষতিগ্রস্ত জরিনা বেওয়া ও খুশি খাতুনকে দিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, রাজ্জাক কনডেমড সেলে আছেন পাঁচ বছর ধরে। তাঁর কারাবাসের মেয়াদ প্রায় সাত বছর। ২০০২ সালের অ্যাসিড অপরাধ দমন আইনের ৫ (খ) ধারায় আছে শাস্তি সাত বছর কারাদণ্ড। রাজ্জাকের কারাবাসের সময়কালকে দণ্ড হিসেবে গণ্য করে তাঁকে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল পরে প্রথম আলোকে বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

মামলার বিবরণে জানা যায়, ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় গ্রামের আবদুর রাজ্জাক দুই স্ত্রী থাকা অবস্থায় ওই গ্রামের হালিমা খাতুনকে বিয়ে করেন। হালিমা অত্যাচার সহ্য করতে না পেরে একপর্যায়ে স্বামী আবদুর রাজ্জাককে তালাক দেন। এতে রাজ্জাক ক্ষিপ্ত হয়ে ২০১০ সালের ১৪ নভেম্বর রাতে হালিমার বাবার বাড়ির টিনের ছাপরাঘরের বেড়া ছিদ্র করে অ্যাসিড নিক্ষেপ করেন। সেদিন ঘরে হালিমা না থাকায় অ্যাসিডে তাঁর মা জরিনা বেওয়া ও ভাগনি শিশু খুশি খাতুনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় একই বছরের ১৯ নভেম্বর জরিনার ছেলে বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেন। এই মামলায় ২০১১ সালের ২৬ জুন কুড়িগ্রামের অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল রায়ে আবদুর রাজ্জাককে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ দেন। পরে আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে, রাজ্জাকও আপিল করেন। এসবের ওপর শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।