ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নে দশম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াচ্ছেন। তাঁদের জন্য ৩৫টি দোকানঘর নতুন করে নির্মাণ করে দিয়েছেন পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। গত এক সপ্তাহে পর্যায়ক্রমে ব্যবসায়ীদের নতুন দোকানগুলো বুঝিয়ে দেয় বিজিবি।

ওই সব দোকানে ইতিমধ্যে ব্যবসা-বাণিজ্য শুরু করেছেন ব্যবসায়ীরা। নতুন করে শুরু করেছেন জীবনসংগ্রাম। এ জন্য বিজিবিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন হিন্দু ব্যবসায়ীরা।

প্রধানপাড়া গ্রামের ব্যবসায়ী প্রশান্ত শর্মা (৩৫) জানান, ৬ জানুয়ারি বিকেলে নির্বাচনবিরোধীরা তাঁর সেলুনের দোকান ভাঙচুর করে লন্ডভন্ড করে দেয়। এর পর থেকে তাঁর জীবিকা অর্জনের একমাত্র অবলম্বন শেষ হয়ে যায়। বিজিবির সদস্যরা তাঁর দোকান নতুন করে নির্মাণ করে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জামও দিয়েছেন। এখন তিনি নতুন করে বাঁচার অবলম্বন পেয়েছেন।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক বলেন, বিজিবির মহাপরিচালককে সোনাহার ইউনিয়নের সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দুর্দশার বিষয়টি জানানো হয়। এরপর তাঁরা সদর দপ্তরের সহযোগিতায় ওই দুটি বাজারের ৩৫টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুনর্নির্মাণ করে দেন।