চট্টগ্রাম নগরের জামালখান প্রেসক্লাব ভবনের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং নির্যাতন বন্ধে পৃথক আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।
গতকাল শনিবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করে উন্নয়ন কর্মীদের ফোরাম চিটাগাং সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (সিএসডি) এবং সামাজিক উদ্যোক্তা পরিষদ চট্টগ্রাম জেলা শাখা।
সমাবেশে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়কারী শরীফ চৌহান, উন্নয়ন সংগঠন উৎসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, সংশপ্তকের নির্বাহী পরিচালক সৌরভ বড়ুয়া, প্রশিকার বিভাগীয় সমন্বয়কারী অজয় মিত্র, উন্নয়ন কর্মী ওবায়দুর রহমান, ঝর্না বড়ুয়া, নুরুল আবছার তালুকদার প্রমুখ।
সমাবেশে বক্তারা সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার চিত্র তুলে ধরে বলেন, ‘আমরা কেউ সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু হিসেবে পরিচিত হতে চাই না। আমরা মানুষ হিসেবে, এ দেশের নাগরিক হিসেবে সব অধিকার ভোগ করতে চাই।’ ক্ষোভ প্রকাশ করে বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে যারা ষড়যন্ত্র করে বাড়িঘর জ্বালিয়ে সহিংসতার বিষবাষ্প ছড়িয়ে যাচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, নির্যাতিত, নিগৃহীতদের যথাযথ ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
বক্তারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে সরকারের প্রতি পৃথক আইন প্রণয়নের দাবি জানান। তাঁরা বলেন, ‘এ দেশের হিন্দু-বৌদ্ধ-খিষ্টানসহ সব জাতি-ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। সহিসংসতা প্রতিরোধে মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’