জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে ওয়াল্টার কালিন
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বৈশ্বিক তহবিলের সহায়তা চাওয়া উচিত
আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞ ওয়াল্টার কালিন বলেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের ফলে ভবিষ্যতে গৃহহীন হওয়া লোকজনের পুনর্বাসনে বাংলাদেশের বৈশ্বিক তহবিলের সহায়তা চাওয়া উচিত। মানুষের গৃহহীন হওয়ার সমস্যা মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজনীয় আইন প্রণয়ন করা উচিত।
কালিন জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুতদের পুনর্বাসনে গৃহীত বিশেষ প্রক্রিয়া নানসেন উদ্যোগের চেয়ারম্যানের দূত ও সুইজারল্যান্ডের মানবাধিকার আইনজীবী। গতকাল বুধবার রাজধানীতে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) আয়োজিত গোলটেবিল বৈঠকের পর তিনি আলাপ করেন।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ালে বাংলাদেশে লোকজন গৃহহীন হবে, এ সমস্যা মোকাবিলার উপায় জানতে চাইলে ওয়াল্টার কালিন বলেন, বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করেছেন, জলবায়ু পরিবর্তনের দরুন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে, লোকজন বাস্তুচ্যুত হবে। একবার কেউ তাদের ভিটেমাটি হারালে, পরে তা ফিরে পাওয়া দুরূহ হয়ে পড়ে। এ সমস্যার মধ্যমেয়াদি সমাধান হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক তহবিলের সহায়তা চাইতে পারে। বিষয়টি নিয়ে এখনই আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু করা উচিত। কারণ, সমস্যার সমাধানে বিভিন্ন দেশেরই বিপুল অর্থের প্রয়োজন হবে। এ ধরনের সমস্যা সমাধানে আন্তর্জাতিক কোনো দলিল গৃহীত হলেই আন্তর্জাতিক তহবিল সংগ্রহ করা সহজ হয়। আগামী মার্চে জেনেভায় প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে একটি আন্তর্জাতিক দলিল গৃহীত হওয়ার কথা রয়েছে।
ওয়াল্টার কালিন বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য গৃহহীন হওয়া মানুষকে পুনর্বাসনে সঠিক নীতি প্রণয়নও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি জানান, বাংলাদেশে ৫ থেকে ৭ এপ্রিল দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে এ নিয়ে আন্তসরকার পর্যায়ের বৈঠক হবে।
সকালে বিস মিলনায়তনে ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিসপ্লেসমেন্ট: দি গ্লোবাল ইনিশিয়েটিভ’ শীর্ষক গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াল্টার কালিন। এতে তিনি জলবায়ু পরিবর্তনসহ দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সামর্থ্য বৃদ্ধির প্রশংসা করেন। বিসের পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমেদের সভাপতিত্বে গোলটেবিলে সমাপনী বক্তৃতা দেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।
পররাষ্ট্রসচিব ২০১০ সালে প্রকাশিত ১১৬টি দেশের মানুষের অভিবাসনের ওপর পরিচালিত এক গবেষণা প্রতিবেদনের উল্লেখ করেন। তিনি বলেন, ৫০ কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে নিজেদের আবাসভূমি ছাড়তে বাধ্য হয়েছে। জাতিসংঘের প্রক্রিয়ার ওপর বাংলাদেশের আস্থা আছে। তাই বাংলাদেশ বিশ্বাস করে, জলবায়ু পরিবর্তনের ফলে লোকজনের বাস্তুচ্যুত হওয়ার সমাধানটি জাতিসংঘের মাধ্যমে সুরাহা হবে।
নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক সাহায্য সংস্থা অ্যাকশনএইডের এদেশীয় পরিচালক ফারাহ কবীর, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল করীম ও সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম।