দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ৩০ একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থান নির্বাচন ও অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে খাসজমি পাওয়া গেলে ক্ষতিগ্রস্তদের সেখানেই পুনর্বাসন করা হবে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর ঘোষিত ক্ষতিপূরণ প্যাকেজ বাস্তবায়নে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দারা তাদের ‘জীবন ও সম্পদ রক্ষা, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের’ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের সরকারের এ নতুন সিদ্ধান্তের বিষয়ে জানাতে প্রচারপত্র বিতরণ ও মাইকিং করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী প্যাকেজ প্রোগ্রামের আওতায় বড়পুকুরিয়া কোল মাইনিং এলাকায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি। জমি অধিগ্রহণের ফলে যারা ক্ষতিগ্রস্ত হবে, তারাও ন্যায্য ক্ষতিপূরণ পাবে।’ প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী চান বড়পুকুরিয়া খনি এলাকায় একটি ‘খনি নগর’ হোক। খনি নগর হলে এলাকার উন্নতি হবে। খনিসংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষিত করে তুলতে সেখানে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। ‘খনি নগর’ করার জন্য জমি অধিগ্রহণ বা এ-সংক্রান্ত কাজে কেউ বাধা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভূমি প্রতিমন্ত্রী।মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ক্ষতিপূরণের প্যাকেজ বাস্তবায়নে সম্প্রতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। যেমন অগ্র্রাধিকার ভিত্তিতে ঘরবাড়ি ও স্থাপনাসহ জমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। বড়পুকুরিয়া কয়লাখনি এলাকাকে প্রথম শ্রেণীর কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন বা অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) নির্ধারিত করে এর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ ছাড়া খনি নগর প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ে গঠিত কমিটিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও অধ্যক্ষ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বড়পুকুরিয়া বাজার এবং বৈদ্যনাথ মৌজার সমীক্ষার কাজ শেষ হয়েছে এবং প্রথম ধাপে এ এলাকার জমি অধিগ্রহণ করা হবে। খনি এলাকায় বর্তমানে ‘ভূমি ও সম্পদ রক্ষা কমিটি’ এবং ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’ নামের দুটি সংগঠন বিভিন্ন দাবি নিয়ে কাজ করছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সরকার ও খনি কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিয়েও ক্ষতিপূরণ ও পুনর্বাসনে কোনো পদক্ষেপ নেয়নি।