পার্বত্যাঞ্চলে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সব পরিবারের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। পাশাপাশি আগুনে ক্ষতিগ্রস্ত বৌদ্ধমন্দিরের পুনর্নির্মাণ ও বুদ্ধমূর্তি পুনরায় প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন ভিক্ষুরা। গতকাল রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও শান্তি পদযাত্রার আয়োজন করে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। কর্মসূচির মাধ্যমে রাঙামাটি, বাঘাইছড়ি ও খাগড়াছড়ি সদরে সংঘটিত অগ্নিসংযোগ, লুটপাট, বৌদ্ধবিহার ও বুদ্ধমূর্তি ভাঙচুরের প্রতিবাদ জানায় ওই সংগঠন।কর্মসূচিতে বক্তারা বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান ও বৌদ্ধভিক্ষুদের সার্বিক নিরাপত্তা বিধান ও সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য সংসদীয় কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। অবস্থান কর্মসূচি শেষে ভিক্ষুরা মুখে কালো কাপড় বেঁধে আর কালো পতাকা হাতে শান্তি পদযাত্রা করেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে এ পদযাত্রা জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয়। অবস্থান কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন শ্রীমত্ মুক্তিপদ থেরো। সুমনালংকার মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ ভট্টাচার্য ও নন্দ পাল মহাথেরো। বিজ্ঞপ্তি।