ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে দুই কমিটির সংঘর্ষ, আহত ৩০
বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে গঠিত দুটি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে গতকাল শুক্রবার এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত নয়জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ কথা জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে গঠিত জীবন ও সম্পদ রক্ষা কমিটির শতাধিক নেতা-কর্মী সন্ধ্যা ছয়টার দিকে বড়পুকুরিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা বাজারে অবস্থিত বড়পুকুরিয়া ভূমি ও সম্পদ রক্ষা কমিটির কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং সংগঠনের নেতাদের নাম ধরে গালাগাল দেয়। এ সময় সেখানে অবস্থানকারী ভূমি ও সম্পদ রক্ষা কমিটির নেতা-কর্মীরাও পাল্টা জবাব দিতে গেলে উভয় সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় জীবন ও সম্পদ রক্ষা কমিটির সদস্যরা ভূমি ও সম্পদ রক্ষা কমিটির কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফুলবাড়ী থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভায়। এ ঘটনার জন্য উভয় সংগঠনের নেতারা একে অপরকে দায়ী করে বিচার চেয়েছেন। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যান পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিব-উল-ফেরদৌস। তিনি প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি উভয় পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন।পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুজ্জামান চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী জানান, বড়পুকুরিয়া কয়লাখনি থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলনের কারণে ২০০৬ সাল থেকে ওই এলাকার কালপাড়া, জিগাগাড়ী, বড়পুকুরিয়াসহ ১১টি গ্রামে কৃষিজমি দেবে যায়। এলাকার ৩০০ একর তিন ফসলি উর্বর জমি, চারটি সংযোগ রাস্তা এবং পাঁচটি কবরস্থান পানির নিচে তলিয়ে গিয়ে বিশাল জলাশয়ে পরিণত হয়েছে।তাঁরা বলেন, শত শত ঘরবাড়িতে ফাটল ধরেছে। তিন হাজারেরও বেশি পরিবার ভূমি দেবে যাওয়ার আতঙ্কে রাতে ঘুমাতে পারে না। দীর্ঘদিন ধরে এ দুটি সংগঠনের ব্যানারে তাঁরা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আন্দোলন করে আসছেন।ফুলবাড়ী উপজেলা হাসপাতালে গুরুতর আহত ব্যক্তিরা হলেন, বড়পুকুরিয়া ভূমি ও সম্পদ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা জামান (৪৫), সদস্য শরীফুল ইসলাম (৪৮) ও মোমিনুল হক (৩০), শাহাদাৎ হোসেন (৩৫) ও মিজানুর রহমান (২২)। জীবন ও সম্পদ রক্ষা কমিটির মো. সুলতান (৩৫) নুরুল্লাহ (৩৫), আবুল কাশেম (২৭) ও আকরাম হোসেন (৩০)। এলাকাবাসী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি ক্ষতিগ্রস্তদের পক্ষে ৪০ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানে কমিটির সদস্যদের সঙ্গে সরকারের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে নিকটতম স্থানে মাইনিং সিটি স্থাপন করে পুনর্বাসন এবং পদ্মা সেতু করতে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে যে মূল্যে জমি অধিগ্রহণ করা হয়েছে, তেমন মূল্যে বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের জমির মূল্য দেওয়ার কথা উল্লেখ রয়েছে।গত ৮ সেপ্টেম্বর ক্ষতিপূরণ প্রদানে সরকারি প্যাকেজ ঘোষণা করা হয়। সেখানে একরপ্রতি কৃষিজমির মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা ধরা হয়। অথচ সমঝোতা চুক্তি অনুযায়ী একরপ্রতি ৪০ লাখ টাকা জমির মূল্য এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে মাইনিং সিটি নির্মাণের প্রসঙ্গটি বাদ দেওয়া হয়েছে। বড়পুকুরিয়া ভূমি ও সম্পদ রক্ষা কমিটি ওই প্যাকেজ প্রত্যাখ্যান করলেও জীবন ও সম্পদ রক্ষা কমিটি প্যাকেজ মেনে নেওয়ার পক্ষে জনমত তৈরির চেষ্টা চালিয়ে আসছে। এতে দুই সংগঠনের বিরোধ তীব্র হয়ে ওঠে। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষ হয় বলে এলাকাবাসীসহ একাধিক সূত্র জানায়।