রাঙামাটির নানিয়ারচরে হামলা, অগ্নিসংযোগ : নাগরিক কমিটির গাড়িবহের বাধা
ক্ষতিগ্রস্তদের বক্তব্য শুনলেন নাগরিক প্রতিনিধিরা

রাঙামাটির নানিয়ারচরে পুড়িয়ে দেওয়া আদিবাসীপাড়া দেখতে যাওয়ার পথে নাগরিক সমাজের প্রতিনিধিদল বাধার মুখে পড়ে। ঢাকা থেকে আসা প্রতিনিধিদলের গাড়িবহর গতকাল বুধবার সকালে মানিকছড়ির সাপছড়ি এলাকায় আটকে দেয় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও সম-অধিকার আন্দোলন নামের দুটি সংগঠন।
প্রতিনিধিদলের সদস্যরা গাড়ি থেকে নেমে ক্ষতিগ্রস্ত বাঙালিদের বক্তব্য শুনবেন—এমন আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। প্রতিনিধিদলের নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ।
বাধাদানকারীরা অভিযোগ করেন, বিভিন্ন সংগঠনের নামে ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা প্রতিনিধিদলগুলো শুধু পাহাড়িদের সঙ্গে কথা বলে চলে যায়। ফিরে গিয়ে বাঙালিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।
পরে প্রতিনিধিদলটি প্রথমে ক্ষতিগ্রস্ত আনারসের বাগান দেখতে যায় এবং কৃষক ও জমির দাবিদারদের সঙ্গে কথা বলে। সেখান থেকে তারা আদিবাসীপাড়ায় যায় এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে।
ঢাকা থেকে আসা ২৫ সদস্যের এই প্রতিনিধিদলে ছিলেন অধ্যাপক অজয় রায়, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, শিক্ষাবিদ মমতাজ লতিফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাজীব মীর, চলচ্চিত্রনির্মাতা রাশেদ রাইন প্রমুখ।
১৬ ডিসেম্বর দুর্বৃত্তরা নানিয়ারচরে আদিবাসী তিনটি গ্রামে হামলা ও অগ্নিসংযোগ করে। এতে ৫৪টি বসতবাড়ি ও সাতটি দোকান পুড়ে যায়। ভাঙচুর করা হয় বৌদ্ধমন্দির। এর এক দিন আগে সাতটি বাঙালি পরিবারের আনারস বাগানের চার লাখ চারা নষ্ট করে দুর্বৃত্তরা।
প্রতিনিধিদলের কাছে আনারস বাগানের চাষি ও জমির মালিক দাবিদার ব্যক্তিরা অভিযোগ করেন, ১৫ ডিসেম্বর গভীর রাতে বগাছড়ি এলাকায় প্রায় চার লাখ আনারস চারা ও ২২ হাজার সেগুনগাছের চারা কে বা কারা কেটে ফেলে। তাঁদের অভিযোগ, এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আদিবাসীরা নিজেদের ঘরে আগুন দিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন আদিবাসীরা। তাঁরা দাবি করেন, যে বাগানের আনারস ও সেগুন চারা নষ্ট করা হয়েছে, সেই জায়গাটি বাঙালিরা দেড় বছর আগে তাঁদের কাছ থেকে দখল করে নিয়েছে। আরও জায়গা দখল করতে নিজেরাই চারা নষ্ট করে আদিবাসীদের ওপর দোষ চাপাচ্ছে।
নাগরিক প্রতিনিধিদলের সদস্যরা আনারস ও সেগুনবাগানের ভূমির মালিক আফসার মাস্টার ও মো. আসাদ এবং আনারসচাষি নূরুল ইসলাম, শাহজাহান ও কামাল এবং বুড়িঘাট ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জহিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলার সভাপতি পেয়ার আহমদ খানসহ স্থানীয় বাঙালিদের সঙ্গে কথা বলেন।
প্রতিনিধিদলের সদস্য রাজীব মীর প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আদিবাসীরা। তবে এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। তদন্তের নামে গড়িমসি না করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
নানিয়ারচরে ভূমি রক্ষার দাবিতে বাঙালিরা দুপুরে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করে। পরে তারা দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সভা করায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বিকেলে নাগরিক প্রতিনিধিদলের সদস্যরা রাঙামাটি জেলা প্রশাসক মো. শামসুল আরেফিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।