ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ দুই সপ্তাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মধ্যে সরকারি ত্রাণের চাল বিতরণ করা হচ্ছে না। চাল না পেয়ে দরিদ্র মানুষ অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল রাতে এই উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ে এই উপজেলায় চারজন নিহত ও ৩৫০ জন আহত হন। এতে এখানকার ১০টি ইউনিয়নের ১৩ হাজার ৩৭২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া সাত হাজার ১৯৭টি ঘরবাড়ি পুরো বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১১০ মেট্রিক টন চাল ও দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২ মে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ধরমপাশায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন। ওই দিন সন্ধ্যায় তিনি মধ্যনগর ইউনিয়নের টুকের বাজারে ওই ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে জনপ্রতি ২০ কেজি করে চাল বিতরণ করেন। কিন্তু ৬ মে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার স্বাক্ষরিত একটি চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়ে ত্রাণের চাল বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়।
পাইকুরাটি গ্রামের এক বৃদ্ধা (৬৫) বলেন, ‘তুফানে ঘর ভাইংগা গ্যাছে, খাওন যা আছিন, তা হে গিইল্যা খাইছে। অনে খাইয়া না-খাইয়া বাঁইচা আছি। না খাইয়া কয় দিন থাহন যায়?’
ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল বিতরণ না করায় তারা মানবেতর জীবন যাপন করছে।
মধ্যনগর ইউপির চেয়ারম্যান আবদুল কাইয়ুম বলেন, ‘আমার ইউনিয়নে দুটি ওয়ার্ডের কিছুসংখ্যক ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।’
ইউএনও মোহাম্মদ খালেদুর রহমান জানান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে। তবে আগামী কয়েক দিনের মধ্যেই এই চাল বিতরণ করা হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা রাজীব আহমেদ জানান, এখন বোরো ধান কাটার মৌসুম চলছে৷ তাই চাল বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে শিগগিরই তা বিতরণ করা হবে।