দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত এক হাজার ৩৯১ জনের মধ্যে ২০১ জনের মধ্যে ক্ষতিপূরণের ১১ কোটি দুই লাখ টাকার চেক দেওয়া হয়েছে। ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি গতকাল বৃহস্পতিবার ক্ষতিগ্রস্তদের হাতে এ চেক তুলে দেন। গতকাল বিকেলে বড়পুকুরিয়া কয়লাখনির প্রশাসনিক ভবনের সামনের চত্বরে প্যান্ডেল তৈরি করে এ চেক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. জামালউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, বিদ্যুৎ ও জ্বালানি সচিব মেজবাহ উদ্দিন, কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান, দিনাজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল লতিফ বক্তব্য দেন।ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, বাকি ক্ষতিগ্রস্তদের পর্যায়ক্রমে ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণের চেক দেওয়া হবে। কয়লাখনির কারণে যাঁরা জমি হারাচ্ছেন, তাঁদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়। এর পরও সরকার আন্তরিকতার সঙ্গে তাঁদের ক্ষতি পুষিয়ে দিতে সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করছে। এদিকে ওই অনুষ্ঠানে গতকাল দিনাজপুর, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ পদস্থ কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁরা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা ব্যাংকে রাখতে তাঁদের বিভিন্ন ধরনের প্রস্তাব দিচ্ছেন।