ক্ষতিগ্রস্তদের মধ্যে ‘অসুস্থ ছাগল’ বিতরণ
সাতক্ষীরার তালা উপজেলায় বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা ৫০টি ছাগল গত ১৫ দিনে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। রুগ্ণ ও অসুস্থ ছাগল বিতরণ করায় এগুলো মারা গেছে বলে জানা গেছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি বিশ্ব খাদ্য সংস্থার অর্থায়নে ২০১১ সালে বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত তালা উপজেলার ১৭০টি দরিদ্র পরিবারের মধ্যে সাত থেকে নয় কেজি ওজনের একটি করে ছাগল ও ২০ কেজি করে খাদ্য বিতরণ করা হয়। তেঁতুলিয়া গ্রামের মহিউদ্দীন মোড়ল বলেন, ২০ ফেব্রুয়ারি প্রাণিসম্পদ কার্যালয় থেকে তাঁকে একটি অসুস্থ ও রুগ্ণ ছাগল দেওয়া হয়। ২৬ ফেব্রুয়ারি ছাগলটি মারা যায়। আবার ছাগল পেতে ওই কার্যালয়ে তিনি আবেদন করেছেন। একই গ্রামের শাহাজান মোড়ল জানান, অনেক চেষ্টা-তদবির করে তিনি একটি ছাগল পেয়েছিলেন। ছাগলটি নিয়ে আসার দুদিন পর ২৩ ফেব্রুয়ারি সেটি মারা যায়। দেওয়ার সময়ই ছাগলটি অসুস্থ ছিল বলে জানান তিনি। রহিমাবাদ গ্রামের সাজেদা বেগম জানান, কর্তৃপক্ষ রুগ্ণ ও অসুস্থ ছাগল বিতরণ করেছে। অধিকাংশ ছাগল মারা যাচ্ছে। তাঁর নিজের ছাগলটাও মারা গেছে।বিতরণ করা ছাগলগুলোর মৃত্যুর কথা স্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ রায় বলেন, বিতরণের সময় সাতটি ছাগল বেশি অসুস্থ থাকায় বিতরণ করা হয়নি। বিতরণ করা ছাগলের মধ্যেও কয়েকটি অসুস্থ ছিল। বিতরণের সময় ১৫ দিনের মধ্যে যাঁদের ছাগল মারা যাবে, তাঁদের উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আবেদন করতে বলা হয়। সে অনুযায়ী গত বুধবার পর্যন্ত ৩৫টি আবেদন জমা পড়েছে বলে জানান তিনি। তিনি বলেন, আবেদনপত্র এফএওর ঢাকা কার্যালয়ে পাঠানো হয়েছে।