ক্ষতিগ্রস্তদের মানবেতর জীবনযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে আদিবাসী-বাঙালিদের সহিংসতার ঘটনার এক বছর পূর্ণ হলো আজ রোববার। সাহায্য অপ্রতুল হওয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে।গত বছরের ২০ ফেব্রুয়ারি আদিবাসী-বাঙালিদের মধ্যে সহিংসতার ঘটনায় ৪১৮টি আদিবাসী ও ৫৭টি বাঙালি পরিবারের বাড়িঘর পুড়ে যায়। এতে গুচ্ছগ্রামের বুদ্ধপুদি চাকমা ও তিন দোজরী গ্রামের লক্ষ্মী বিজয় চাকমা নিহত হন। আহত হন কমপক্ষে ৩০ জন আদিবাসী।সহিংসতার পর দুই হাজারের বেশি আদিবাসী ভিটেমাটি ফেলে সহায়সম্বল হারিয়ে জঙ্গলে আশ্রয় নেন। পরে আদিবাসী-বাঙালিরা উভয়ে পাল্টাপাল্টি মামলা করেন। মামলাগুলো এখনো তদন্তধীন।আদিবাসীরা অভিযোগ করেন, সরকার এ পর্যন্ত ক্ষতিপূরণ হিসেবে প্রতিটি পরিবারকে ১১ হাজার ২০০ টাকা ও তিন মাস ভিজিএফ কার্ড চালু রেখেছিল এবং দুটি করে কম্বল দিয়েছিল।আদিবাসীরা অভিযোগ করেন, আজ ২০ ফেব্রুয়ারি সাজেক নারী সমাজ ও সাজেক ভূমি রক্ষা কমিটির উদ্যোগে সহিংসতার ঘটনায় নিহত লোকজনের উদ্দেশে স্মরণসভা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনের বাধার মুখে করতে পাচ্ছেন না বলে জানান অম্মিকা চাকমা।১৮ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, বাঘাইছড়ি উপজেলার সর্ববৃহত্ বাঘাইহাট বাজারে এখনো হাট বসে না। এতে প্রায় দুই শতাধিক দোকানপাট বন্ধ রয়েছে। কোনো আদিবাসী বাজারে আসেন না।ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নয়নরঞ্জন চাকমা বলেন, বাজারটি এখনো বন্ধ রয়েছে। ফলে তাঁরা স্থানীয় উত্পাদিত পণ্যগুলো বিক্রি করতে পারছেন না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নঈম উদ্দিন বলেন, সহিংসতার ঘটনায় আদিবাসী-বাঙালি উভয়ে মামলা করেছেন। সেগুলোর তদন্ত চলছে বলে জানান তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, একটি মহল বাঘাইহাট বাজারটা বন্ধ রেখেছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪৭৪টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে মোট ২৩ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে বলে তিনি জানান। স্মরণসভা বন্ধ রাখার ব্যাপারে তিনি বলেন, আদিবাসীরা স্মরণসভা করলে বাঙালিরাও করবেন। তখন সংঘাত বাধতে পারে, তাই অনুমতি দেওয়া হয়নি।