সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন ‘ক্ষতিগ্রস্ত’ শিক্ষার্থীরা। এ সময় একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও ছাত্রদের সূত্রে জানা যায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘শিক্ষাঙ্গন রক্ষা পরিষদ’ ব্যানারে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বেলা ১১টার দিকে শহীদ মিনারমুখী নয়া সড়ক এলাকায় ‘ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা’ ব্যানারে একটি মিছিলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ লাঠিপেটা করে ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর অবস্থান কর্মসূচি শুরু হয়ে বেলা তিনটা পর্যন্ত চলে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শিক্ষার্থীদের সঙ্গে কোনো ব্যানার ছিল না। পুলিশ মিছিল দেখেই লাঠিপেটা শুরু করে। জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ দুটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি বলেন, আটক ১১ জন প্রকৃত শিক্ষার্থী কি না এবং কোনো ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপে একজন উপপরিদর্শকসহ চারজন পুলিশসদস্য আহত হয়েছেন।অবস্থান কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, ভাষাসৈনিক মাসউদ খান, এমসি কলেজের সাবেক অধ্যক্ষ এ এন মাহবুব, সিলেট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউল হক লস্কর, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আলী আহমদসহ শিক্ষানুরাগী ও অভিভাবকেরা অংশ নেন।কর্মসূচিতে বক্তারা বলেন, এমসি কলেজের ঐতিহ্যবাহী ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের তদন্তে অপরাধী চিহ্নিত হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। বক্তারা আটক ১১ জনের মুক্তির দাবি করেন। গত ৮ জুলাই সন্ধ্যায় ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে এমসি কলেজ ছাত্রাবাসের ৪২টি কক্ষ পুড়িয়ে দেওয়া হয়।