
রাজধানীর উপকণ্ঠ সাভারে রানা প্লাজা ধসের আট মাস পূর্ণ হলো আজ বুধবার। কিন্তু ক্ষতিগ্রস্তদের অনেকে এখনো উপযুক্ত ক্ষতিপূরণ পাননি। অনেকে পঙ্গু অবস্থায় সিকিৎসাধীন। তার ওপর ভয়াবহ সেই দুর্ঘটনার শিকার শ্রমিক ও তাঁদের স্বজনদের নিয়ে চলছে নানা প্রতারণা। হাতিয়ে নেওয়া হচ্ছে তাঁদের ক্ষতিপূরণের অর্থ।
রানা প্লাজা ধসের পর যুক্তরাজ্যের পোশাক ক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক ‘ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল’-এর মাধ্যমে তিন হাজার ৬০২ জন ক্ষতিগ্রস্তকে ছয় মাসের মজুরির সমপরিমাণ ৩০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিকাশের মাধ্যমে দুই কিস্তিতে ১৫ হাজার করে এই টাকা দেওয়া হয়েছে। অন্য কোনো প্রতিষ্ঠান এগিয়ে না এলে আরও এক কিস্তি ক্ষতিপূরণ দেবে। কিন্তু একশ্রেণীর প্রতারক শ্রমিকদের মুঠোফোন নম্বর অকেজো করে দিয়ে প্রাইমার্কের দেওয়া ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করছে।
ভুক্তভোগীরা জানান, তালিকা তৈরির পর ক্ষতিগ্রস্তদের মুঠোফোন নম্বর সংগ্রহ করে তাঁদের নামে বিকাশের হিসাব খোলা হয়। ওই সব নম্বরেই দুই কিস্তিতে টাকা পাঠানো হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই অনেকের মুঠোফোন নম্বর অকেজো হয়ে পড়ায় তাঁরা দ্বিতীয় কিস্তির টাকা পাননি। অনেকের মুঠোফোন নম্বর অকেজো হয়েছে দুই কিস্তির টাকা পাওয়ার পর। এ কারণে তাঁদের তৃতীয় কিস্তির (সম্ভাব্য) টাকা পাওয়া অনিশ্চিত।
রানা প্লাজা ধসে নিহত শ্রমিক শিখা কর্মকার, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা গ্রামের কুটিশ্বর রাজবংশীর মেয়ে শিলা, সাভার পৌর এলাকার আড়াপাড়ার আজিজুল হকের ছেলে মাসুদ রানাসহ অনেক শ্রমিকের মুঠোফোন নম্বর অকেজো হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, সুবিধাভোগীদের ব্যবহূত মুঠোফোন নম্বরগুলো রেজিস্ট্রেশন করা না থাকায় একটি প্রতারক চক্র সংশ্লিষ্ট মুঠোফোন কোম্পানির গ্রাহক সেবাকেন্দ্র থেকে নতুন করে ওই সব নম্বরের সিম তুলে নেওয়ায় আগের নম্বরগুলো অকেজো হয়ে পড়েছে। এখন ওই সব নম্বরে বিকাশের মাধ্যমে প্রাইমার্ক কোনো টাকা পাঠালে তা পাবেন প্রতারকেরা। সংশ্লিষ্ট অনেকে জানান, সাভার মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত ‘রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সোসাইটি’ নামের একটি ভুঁইফোড় সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এসব প্রতারণার সঙ্গে জড়িত থাকতে পারেন। কারণ তাঁদের কাছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ঠিকানা ও মুঠোফোন নম্বর রয়েছে।
মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও পুনর্বাসন সোসাইটর কর্মকর্তারা এর আগে জমি দেওয়ার নামে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ঠিকানা ও মুঠোফোন নম্বর সংগ্রহ করা হয়। এ প্রসঙ্গে পূর্বোক্ত মাসুদ রানার মা জুলেখা বেগম ও বাসন্তী রাজবংশীসহ অনেকে জানান, মুঠোফোন নম্বর অকেজো হওয়ার পর আবদুল করিম তাঁদের সঙ্গে যোগাযোগ করে নম্বর সচল করাসহ টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দেওয়ার আশ্বাস দিয়ে এক হাজার টাকা করে দাবি করেন। তবে তাঁর কথা বিশ্বাস করতে না পেরে কেউ টাকা দেননি।
জানতে চাইলে আবদুল করিম বলেন, তিনি বা তাঁর প্রতিষ্ঠানের কেউ শ্রমিকদের কাছে বিকাশ নম্বর সচল করে দেওয়ার জন্য টাকা দাবি করেননি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বলেন, এমন প্রতারণার অভিযোগ তিনিও পেয়েছেন। প্রতারিত কয়েকজন তাঁর কাছেও গিয়েছিলেন। তিনি তাঁদের থানায় মামলা করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতারকদের চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন।