ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে সমন্বয় থাকাউচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসে আহত হয়ে যাঁরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাঁরাই বেশির ভাগ সহায়তা পাচ্ছেন। তবে ওই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার এখন পর্যন্ত তেমন কোনো সহায়তা পায়নি। প্রাথমিক চিকিৎসা নিয়ে যাঁরা গ্রামের বাড়ি চলে গেছেন, তাঁরাও সহায়তা পাচ্ছেন না। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যে সহায়তা দেওয়া হচ্ছে, তার মধ্যেও কোনো সমন্বয় নেই। ফলে একই ব্যক্তি অনেক বেশি সহায়তা পাচ্ছেন, আর অনেকে কিছুই পাচ্ছেন না।

গতকাল শনিবার বেসরকারি সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ডুয়েডার যৌথ আয়োজনে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে পুনর্বাসন করার উদ্যোগের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।

সভায় বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, অর্থনীতিবিদ, শ্রমিক নেতা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত পড়ে শোনান।

সিদ্ধান্তগুলো হলো: এক. যেসব সংস্থা রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন, তাঁদের মধ্যে একটি সমন্বিত তথ্যভান্ডার গড়ে তোলা হবে। দুই. পোশাকশিল্পের শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে একটি পরিকল্পনা তৈরি করা। তিন. পোশাক আমদানিকারক বহুজাতিক কোম্পানি শ্রমিক কল্যাণে যেসব উদ্যোগ নিতে চাইছে, তা সমন্বিতভাবে ব্যয় করার একটি কাঠামো তৈরি করা। চার. পোশাক আমদানিকারক বহুজাতিক কোম্পানি ও উন্নয়ন-সহযোগী দেশ এবং সংস্থাগুলোকে নিয়ে ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন করা।

সভায় জাতীয় শ্রমিক লীগের সভাপতি রায় রমেশ বলেন, দেশে তৈরি পোশাক খাতে ৪০ লাখ শ্রমিক কাজ করেন বলা হলেও আসলে কত লোক এ খাতের সঙ্গে যুক্ত, তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। কোন কারখানায় কত শ্রমিক রয়েছেন, তারও কোনো হিসাব নেই।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এনামুর রহমান বলেন, দুর্ঘটনার প্রথম দিন রানা প্লাজা থেকে উদ্ধার হওয়া প্রায় এক হাজার শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এই শ্রমিকদের বেশির ভাগই কোনো সরকারি বা বেসরকারি সহায়তা পাননি। যাঁরা হাসপাতালে দীর্ঘ মেয়াদে চিকিৎসা নিয়েছেন, তাঁদের বেশির ভাগই ৫ থেকে ২২ লাখ টাকা সহায়তা পেয়েছেন। অথচ যাঁরা মারা গেছেন, তাঁদের পরিবার তেমন কোনো সহায়তা পায়নি। ওই নিহত ও চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাওয়া পরিবারগুলোকে বেশি সহায়তা দেওয়া উচিত বলে মত দেন তিনি।

অ্যাকশনএইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবীর মৃত শ্রমিকদের পরিবারকে দীর্ঘ মেয়াদে পুনর্বাসন-সহায়তা দিতে হবে।

গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রেসিডেন্ট নাজমা আখতার বলেন, তাজরীন গার্মেন্টসের দুর্ঘটনার অভিজ্ঞতায় দেখা গেছে, নিহত নারী শ্রমিকের স্বামী টাকা নিয়ে লাশ ফেলে চলে গেছেন। রানা প্লাজার ক্ষেত্রে তা হতে পারে। ফলে সহায়তা দেওয়ার ক্ষেত্রে পরিবারের নারী সদস্যদের ওপর জোর দিতে হবে।

সভায় রানা প্লাজার পোশাক কারখানার শ্রমিক ও অর্থনীতিবিদেরা উপস্থিত ছিলেন।