ক্ষতিগ্রস্তদের ৪৩ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজার এলাকায় হিন্দু পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গঠিত অনুসন্ধান কমিটির প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ৩৩ পরিবারসহ সংশ্লিষ্টদের ৪৩ লাখ ৪২ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে এই ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।
পুলিশের গঠিত অনুসন্ধান কমিটির প্রতিবেদনে বলা হয়, সাঁথিয়ার আতাইকুলা থানাধীন বনগ্রাম বাজার এলাকায় ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৩৩টি, বসতঘর ২৯টি, ব্যবসাপ্রতিষ্ঠান ১০টি, পারিবারিক মন্দির ছয়টি ও বারোয়ারি মন্দির একটি। ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৩ লাখ ৪২ হাজার টাকা।
ওই হামলার ঘটনা নিয়ে গত বছরের ৩ নভেম্বর ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ ‘হিন্দুস অ্যাটাকড ইন পাবনা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ৩ নভেম্বর দুই আইনজীবী প্রতিবেদনটি আদালতের নজরে আনলে আদালত ওই দিন স্বতঃপ্রণোদিত রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এ ছাড়া আদালত ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে, ফেসবুকে ওই মন্তব্য পোস্ট করা ব্যক্তিকে চিহ্নিত করতে ব্যবস্থা নিতে এবং ক্ষতির পরিমাণ নিরূপণ করতে নির্দেশ দেন।
এরপর ঘটনা অনুসন্ধান, জড়িতদের চিহ্নিত করা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদন সম্প্রতি আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ।
গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল স্বরূপ কান্তি দেব। বিশ্বজিত রায় পরে প্রথম আলোকে বলেন, পুলিশের গঠিত কমিটির প্রতিবেদন অনুসারে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৩ লাখ ৪২ হাজার টাকা। এ অর্থ তিন সপ্তাহের মধ্যে ৩৩টি পরিবারসহ সংশ্লিষ্টদের পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন আদালত। ওই ঘটনায় জড়িত প্রভাবশালী অনেকে বাইরে আছেন। তাঁদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির গুজব ছড়িয়ে ২ নভেম্বর বনগ্রাম বাজার এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়। পুলিশের প্রতিবেদনে বলা হয়, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুসন্ধান কমিটির কাছে প্রতীয়মান হয়েছে, পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে কোনো স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার হীন উদ্দেশ্যে ওই ঘটনা ঘটিয়েছে। প্রাথমিকভাবে চিহ্নিত করা চারজনের নাম উল্লেখ করে বলা হয়, আতাইকুলা থানায় করা মামলা তদন্ত শেষে ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব হবে। মতামতে বলা হয়, ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ, সংশ্লিষ্ট রেকর্ড পর্যালোচনা এবং সার্বিক বিশ্লেষণে ঘটনাটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক, পূর্বপরিকল্পিত ও অনাকাঙ্ক্ষিত। ওই ঘটনায় করা মামলা তিনটি তদন্ত শেষে প্রকৃত তথ্য উদ্ঘাটন করা সম্ভব।