ক্ষতিগ্রস্তরা ঘর তুলতে অর্থ সহায়তা চান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের চরভোলমারা গ্রামের বেড়িবাঁধের ঢালে তিন সন্তানকে নিয়ে হনুফা বেগম (২৮) ও সোহরাফ শরিফ (৩৫) দম্পতির বাস। ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে তাঁদের বসতঘরটি বিধ্বস্ত হয়। ঝড়ে ঘর ভেঙে যাওয়ার পর রাতে এক প্রতিবেশীর বাড়িতে আর দিনে বেড়িবাঁধে থাকতে হচ্ছে তাঁদের। এই পরিবারের মতো উপজেলায় সহস্রাধিক পরিবারের ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত এবং চার সহস্রাধিক পরিবারের ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের সদস্যরা এখন প্রতিবেশীদের বাড়ি বা বেড়িবাঁধে খুপরি বানিয়ে বসবাস করছেন। তাঁরা এখন সরকারের কাছে ত্রাণের বদলে ঘর তৈরির জন্য অর্থ সহায়তা চাচ্ছেন। গতকাল সোমবার সকালে চরভোলমারা গ্রামে গিয়ে দেখা গেছে, বেড়িবাঁধের ঢালে খুপরি তৈরির চেষ্টা করছেন হনুফা বেগম। তিনি বলেন, ‘মোগো ত্রাণ লাগবে না, ঘরডা তুইল্যা দেন।’