ক্ষতিগ্রস্তরা নন, নিয়োগ পাচ্ছেন অন্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর খনি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বড়পুকুরিয়া কয়লাখনিতে চাকরি দেওয়ার দাবি উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিধিবহির্ভূতভাবে এ কয়লাখনিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৫ জন কর্মচারীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
খনির ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল আওরঙ্গজেব ও তাঁর সহকর্মীদের সহযোগিতায় গত সোমবার গোপনে এ নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হয়। নিয়োগপ্রাপ্ত প্রায় সবাই খনির ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তার পরিচিতজন বলে অভিযোগে জানা যায়। খনির কারণে এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চাকরি না দিয়ে স্বজনপ্রীতি করায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সংগঠন ‘জীবন, পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটি’র আহ্বায়ক মশিউর রহমান বুলবুল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব অভিযোগ করেন। তিনি বলেন, কয়লা উত্তোলনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে খনি কর্তৃপক্ষের সম্পাদিত চুক্তি অনুযায়ী স্থানীয় বেকারদের খনিতে চাকরি দেওয়ার কথা। কিন্তু খনি কর্তৃপক্ষ তা না দিয়ে বহিরাগতদের চাকরি দিচ্ছে। এটা মেনে নেওয়া হবে না। দাবি মানা না হলে শিগগিরই কঠোর কর্মসূচি পালনের মাধ্যমে খনি এলাকার জনজীবন অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন আহ্বায়ক মশিউর রহমান। তিনি বলেন, এসব অভিযোগ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মসংস্থানের দাবিতে খনির পার্শ্ববর্তী এলাকার ক্ষতিগ্রস্ত ১০ থেকে ১২টি গ্রামের লোকজন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এলাকাবাসীর দাবি, কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার থেকে একজন করে শিক্ষিত বেকার যুবককে খনিতে চাকরি দিতে হবে। সর্বশেষ গত বছরের ২১ নভেম্বর এলাকার কয়েক হাজার নারী-পুরুষ চাকরির দাবিতে মানববন্ধন করে খনি কর্তৃপক্ষকে স্মারকলিপি দেন। কিন্তু তারপরও কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে এবং লিখিত-মৌখিক পরীক্ষা ছাড়াই সম্প্রতি ওই নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অধিকাংশই ভোলা, পটুয়াখালী, বরগুনা, মাগুরা, রংপুর ও দিনাজপুর (সদর) জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে অফিস সহকারী পদে নিয়োগ পাওয়া ভোলার চরফ্যাশনের মো. সোহেল খনির ব্যবস্থাপনা পরিচালকের আত্মীয় বলে জানা গেছে। এ ছাড়া মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খায়রুল আলমকে অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি খনির উপব্যবস্থাপক সাফায়েত আলী মিয়ার ভাই।
খনির একটি সূত্র জানায়, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ গত সপ্তাহে বদলি হন। নতুন চেয়ারম্যান আবুল মনসুর ১ জানুয়ারি যোগদান করেছেন। নতুন চেয়ারম্যান পেট্রোবাংলার কোম্পানিগুলো সম্পর্কে কিছু বুঝে ওঠার আগেই ২ জানুয়ারি এই নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সূত্রটির দাবি, অতীতে কখনোই পেট্রোবাংলার চেয়ারম্যানের অগোচরে কয়লাখনিতে এভাবে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে খনির ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল আওরঙ্গজেব বলেন, জরুরি প্রয়োজনে অনেক সরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে এ ধরনের লোক নেওয়া হয়ে থাকে। এর জন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি লাগে না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সোহেল তাঁর এলাকার লোক। আত্মীয় নন। এ ছাড়া সরকারের ওপরমহলের নির্দেশেই এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।