ক্ষতিগ্রস্তরা মামলা করতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অপারেশন ক্লিন হার্ট’ নামে পরিচালিত অভিযানকে দায়মুক্তি দিয়ে করা আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া ৫২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গতকাল সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
রায়ে বলা হয়, ওই অভিযানের সময় যাঁরা নির্যাতিত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা বা তাঁদের পরিবারের সদস্যরা ফৌজদারি ও দেওয়ানি আইনে জড়িতদের বিরুদ্ধে মামলা ছাড়াও ক্ষতিপূরণের জন্য হাইকোর্টে রিট আবেদন করতে পারবেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ‘যৌথ অভিযান দায়মুক্তি আইন, ২০০৩’ নামে আইনটি করা হয়। ২০০২ সালের ১৬ অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশন ক্লিন হার্ট নামে ওই অভিযান চলে।
এই আইনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১২ সালের ১৪ জুন হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর রায় দেন।
এই মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। তিনি প্রথম আলোকে বলেন, আট মাস আগে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। গতকাল তা ওয়েবসাইটে প্রকাশিত হয়।
জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর রায়ের সঙ্গে একমত পোষণ করে বেঞ্চের অপর বিচারপতি মো. আশরাফুল কামাল কিছু অভিমত দিয়েছেন। সংবিধানের ৬৫(১) অনুচ্ছেদ তুলে ধরে অভিমতে বলা হয়, প্রজাতন্ত্রের সকল আইন প্রণয়নের ক্ষমতা শুধু সংসদের এবং আইন প্রণয়নের ব্যাপারে সংসদ স্বাধীন। তা সত্ত্বেও এই আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের কিছু সুনির্দিষ্ট সীমাবদ্ধতা আছে। অর্থাৎ সংসদকে আইন প্রণয়ন করতে হবে সংবিধানের ‘বিধানাবলি সাপেক্ষে’। জাতীয় সংসদ কোনোভাবেই সংবিধানের বিধানাবলির পরিপন্থী কোনো আইন প্রণয়ন করবে না। সংসদ আইন প্রণয়নের ক্ষেত্রে অপরিসীম ক্ষমতাবান নয়। সংসদকে কখনোই ভুল করা কিংবা ভুলে গেলে চলবে না যে, তাদের ক্ষমতা সংবিধানের অন্যান্য বিধান দ্বারা সীমাবদ্ধ।
রায়ে আরও বলা হয়, রাষ্ট্রের তিনটি অঙ্গ—নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ সংবিধান দ্বারা সৃষ্টি। অর্থাৎ এই তিনটির কেউই সার্বভৌম নয়। প্রতিটি অঙ্গ এই সংবিধানের বিধিবিধান সাপেক্ষে স্বাধীন।
রায়ে বলা হয়, যৌথ বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আইনের ঊর্ধ্বে নন। যৌথ বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন। রায়ে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে জঘন্য রূপ। সংবিধান অনুসারে একজন ভয়ংকর অপরাধীরও আদালতের কাছে বিচার চাওয়ার অধিকার আছে। আমরা মনে করি, যৌথ বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজের হাতে আইন তুলে নিতে পারেন না।