ক্ষতিপূরণ আদায়ে মামলা করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকারডুবির জন্য ক্ষতিপূরণ আদায়ে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে বলেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে এই সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠক সূত্র জানায়, সুন্দরবনের মতো আর কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, কমিটি সে বিষয়ে সতর্ক থাকার জন্য বিপিসিকে সুপারিশ করেছে। একই সঙ্গে কমিটি দুর্ঘটনার বিষয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে বিপিসির কাছে বিস্তারিত তথ্য চেয়েছে।
বৈঠক শেষে সসংদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৈঠকে আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ার সর্বোচ্চ জ্বালানি তেল মজুত করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া কমিটি সরকারের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে ইতিবাচক মনে করে। জনগণের চাহিদা, গ্যাসের সরবরাহ ও ক্রয়ক্ষমতা মাথায় রেখে যদি গ্যাসের দাম বাড়ানো হয়, তবে তা সবার মেনে নেওয়া উচিত।