মাগুরছড়া-টেংরাটিলা বিস্ফোরণের জন্য দায়ী শেভরন ও নাইকোর কাছ থেকে ৫০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে জাতীয় সক্ষমতা বিকাশের কাজে লাগানোর দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গতকাল শনিবার ‘মাগুরছড়া দিবস’ উপলক্ষে পুরানা পল্টনের মুক্তি ভবনে জাতীয় কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
সভায় জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, বিদেশি কোম্পানির অবহেলায় মাগুরছড়া-টেংরাটিলা বিস্ফোরণে দেশের বিশাল ক্ষতি হলেও তা নিয়ে সরকারকে কখনো কথা বলতে শোনা যায়নি। মার্কিন কোম্পানি শেভরন ও কানাডীয় কোম্পানি নাইকোর কাছ থেকে প্রাপ্য ওই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ আদায়ে কোনো সরকারই উদ্যোগ গ্রহণ করেনি। তিনি অবিলম্বে ক্ষতিপূরণের যথাযথ অর্থ আদায় করে তা জ্বালানি খাতে সক্ষমতা বিকাশসহ দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান৷
কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মাগুরছড়া-টেংরাটিলায় গ্যাস-সম্পদসহ ক্ষতির হিসাবে যুক্তরাষ্ট্র ও কানাডার দুই কোম্পানির কাছে েমাট পাওনা কমপক্ষে ৫০ হাজার কোটি টাকা। এই অঙ্ক জ্বালানি খাতে গত পাঁচ বছরের বাজেট বরাদ্দের চেয়ে বেশি। তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি বলেন, গড় হিসাব বিবেচনা করলে মাগুরছড়া ও টেংরাটিলার বিস্ফোরণগুলোতে দেশের প্রমাণিত সর্বমোট গ্যাস মজুতের মধ্যে কমপক্ষে ৫৫০ বিলিয়ন ঘটনফুট গ্যাস ধ্বংস হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা (২০১৪) অনুযায়ী ২০১২-১৩ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ছিল ৩২৮ বিলিয়ন ঘনফুট। ২০১৩-১৪ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৭৯ বিলিয়ন ঘনফুট। সে হিসাবে গত দেড় বছরে দেশের বিদ্যুৎ উৎপাদনে যে পরিমাণ গ্যাসের চাহিদা ছিল, এ দুটি গ্যাস ক্ষেত্রে তার প্রায় সমপরিমাণ নষ্ট হয়েছে। আনু মুহাম্মদ বলেন, ‘ক্ষতিপূরণ আদায়ে শাসকেরা ব্যর্থ হলে আন্দোলনের মধ্য দিয়ে শত্রুদের চিহ্নিত করে প্রয়োজনে তাদের গণবিচার করা হবে।’
শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান, জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স, আইনজীবী আবদুস সালাম, সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।