ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৮ থেকে ২০১৬ পর্যন্ত দেশে আঘাত হানা পাঁচটি বড় দুর্যোগে যে ক্ষতি হয়েছে তার আর্থিক পরিমাণ আমাদের জিডিপির ১৫ শতাংশ। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের পরিমাণ বাড়ছে। তাই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ আদায়ে এখনই বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করে আগামী ডিসেম্বরে মরক্কোয় বিশ্ব জলবায়ু সম্মেলনে তা তুলে ধরতে হবে।

আজ শনিবার ঢাকার একটি হোটেলে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়ক্ষতি মোকাবিলায় ওয়ারশ আন্তর্জাতিক পদ্ধতি বিষয়ক কর্মশালা’-এর উদ্বোধনী অনুষ্ঠানে গবেষক, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ন্যাচার কনজারভেশন সোসাইটি (ন্যাকম), ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং একশন এইড বাংলাদেশ দুদিনের এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্দেশ্য, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার প্রস্তাব উত্থাপন করা।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে আগামী বছরগুলোতে দুর্যোগের পরিমাণ বাড়তে পারে। তাই দুর্যোগ মোকাবিলার সরকারি, বেসরকারি উন্নয়ন সংস্থা ও গবেষক সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।’
আলোচনায় অংশ নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত বলেন, ‘জলবায়ু ও দুর্যোগ মোকাবিলায় যদি সঠিকভাবে কাজ না করা হয়, তবে আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে সুন্দরবনে কোনো সুন্দরী গাছ থাকবে না। এখনই ওই এলাকার মানুষকে লবণাক্ততার কারণে পানি কিনে খেতে হয়। যে কারণে যতটুকু ভালো পানি তাঁদের পান করা দরকার, সেটি তাঁরা পাচ্ছেন না। এ রকম চলতে থাকলে, তাঁরা কিডনি সমস্যাসহ নানা শারীরিক সমস্যায় পড়বেন’।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক সালিমুল হক বলেন, ‘আগামী ডিসেম্বরে মরক্কোতে অনুষ্ঠেয় বৈশ্বিক জলবায়ু সম্মেলনে আমাদের ক্ষয়ক্ষতির দাবি তুলে ধরতে হবে। যতটুকু সময় আছে তার মধ্যেই আমাদের প্রস্তুত হতে হবে। সেখানে আমাদের প্রস্তাব উত্থাপন করতে হলে ব্যাপক প্রস্তুতির প্রয়োজন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল বলেন, জলবায়ু বা দুর্যোগ ইস্যুতে আন্তর্জাতিকভাবে আমরা ভালোভাবে ক্ষয়ক্ষতির বিষয় উপস্থাপন করতে পারছি না। এর মূল কারণ, আমরা সমন্বিতভাবে কাজ করছি না।
একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, ‘জলবায়ু ও দুর্যোগ নিয়ে সবার মধ্যে পরিষ্কার ও শক্ত ধারণা তৈরি করতে হবে।’