মাগুরছড়া গ্যাসকূপ দুর্ঘটনার ক্ষতিপূরণ আদায়সহ বিভিন্ন দাবিতে গতকাল মঙ্গলবার চার বাম দল ন্যাপ, গণতন্ত্রী পার্টি, বাসদ ও সিপিবি মৌলভীবাজারে মানববন্ধন করেছে। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে মাগুরছড়া ও টেংরাটিলার ক্ষতিপূরণ আদায়, অবৈধ পিএসসি চুক্তি বাতিল, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন না করা, গাস রপ্তানি নিষিদ্ধ করে নতুন আইন প্রণয়ন এবং জাতীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করে জাতীয় সক্ষমতা অর্জন।মাগুরছড়া দিবস উপলক্ষে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে এ মানববন্ধন শেষে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সভাপতি গজনফর আলী চৌধুরী, সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু জাফর আহমদ, জেলা সিপিবির নেতা নীলিমেষ ঘোষ, বাসদের জেলা সমন্বয়ক মামুনুর রশীদ সোহেল, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক নীহারেন্দু হোম, ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সভাপতি আবু রেজা সিদ্দিকী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মাসুদ রানা। পরে একটি বিক্ষোভ মিছিল মৌলভীবাজার শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।