ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর চ্যানেলে জাহাজ দুর্ঘটনায় জেটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষয়ক্ষতি নির্ধারণ করে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য বিভাগ। দুর্ঘটনায় খাদ্য বিভাগের সাইলো জেটির ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে বিশেষজ্ঞ প্রকৌশলীদের নিয়ে একটি কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে।

গত শুক্রবার সকালে বন্দর জেটিতে ভেড়ানোর আগে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী জাহাজ এমভি সামির বন্দর চ্যানেলে খাদ্য বিভাগের সাইলো জেটিতে আঘাত হানে। এতে জেটিটি ক্ষতিগ্রস্ত হয়। পরে এমভি গাজী নামের আরেকটি জাহাজকে ধাক্কা দেয় জাহাজটি। এতে এমভি গাজীর সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

খাদ্য বিভাগের সাইলো অধীক্ষক জুলফিকার রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি সাইলোর রক্ষণ প্রকৌশলী সাজেদুর রহমানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য এখন বিশেষজ্ঞ প্রকৌশলীদের নিয়ে একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।