ক্ষতিপূরণ আদেশের সুস্পষ্ট বিধিমালা হওয়া জরুরি
পারিবারিক সহিংসতা আইনে সংক্ষুব্ধ নারীর আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার বিধান আছে। কিন্তু বিধিমালার ক্ষতিপূরণ আদেশে সে বিষয়ে স্পষ্ট করে কোনো দিকনির্দেশনা নেই। এটি ক্ষতিপূরণ নির্ধারণে একটি বড় প্রতিবন্ধকতা। এতে বিচারকেরাও সমস্যায় পড়ছেন। সংক্ষুব্ধ নারীও তাঁর অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি আইনটি সম্পর্কেও মানুষ সচেতন নয়।
গতকাল সোমবার ‘পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০: ক্ষতিপূরণ আদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা কথাগুলো বলেন। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের একটি হলে এর আয়োজন করে বেসরকারি সংস্থা কেয়ার।
বক্তারা আরও বলেন, পরিবারে নারীরা নানা ধরনের নির্যাতনের শিকার হন। এ সময় তাঁরা অনেকভাবে ক্ষতিগ্রস্তও হন। যদিও সব ধরনের নির্যাতনের আর্থিক ক্ষতিপূরণ ধার্য সম্ভব নয়; তবে ক্ষতিপূরণ নারী নির্যাতন প্রতিরোধে একটি বড় ভূমিকা রাখতে পারে। অথচ ক্ষতি নির্ধারণে নেই স্পষ্ট কোনো কৌশল। এ জন্য সুস্পষ্ট বিধিমালা হওয়া জরুরি।
সভায় কেয়ারের অ্যাডভোকেসি ও কমিউনিকেশনের কারিগরি সমন্বয়ক রওনক জাহান নির্যাতনে ক্ষতিপূরণ পরিমাপ করার একটি খসড়া পদ্ধতি দেখান, যার মাধ্যমে চারটি ধাপে দৃশ্যমান ও অদৃশ্যমান সব ধরনের ক্ষতির অর্থনৈতিক পরিমাপ করা যাবে। রওনক জাহান বলেন, পদ্ধতিটি নির্যাতনের শিকার নারীর সাময়িক ক্ষতিপূরণে একটি বড় ভূমিকা রাখবে।
সভায় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, আইনটি নারীদের জন্য খুবই সহায়ক। কিন্তু পুরুষতান্ত্রিক মানসিকতা আইনটি বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি, ক্ষতিপূরণ আদেশের বিধিমালাগুলো আরও স্পষ্ট ও সহজবোধ্য হওয়া জরুরি। তিনি আরও বলেন, আইনজীবী, বেসরকারি সংস্থা ও সরকারকে একসঙ্গে বসে ক্ষতিপূরণ নির্ধারণের কৌশল ঠিক করতে হবে। এ ছাড়া পরিবারকেও নারী ও শিশুবান্ধব হতে হবে। এর সুফল শুধু নারী নয়, পুরো পরিবার ভোগ করে।
প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল হোসেন বলেন, আইনটি ভালো, তবে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় আনলে এর বাস্তবায়ন কঠিন। এ ছাড়া, আইনটি সম্পর্কে মানুষ তেমন জানে না। তাই আইনটি প্রত্যেকের বাড়ি পৌঁছানোই বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, তাঁদের হেল্পলাইন ১০৯২১ নম্বরে ফোন দিয়ে নির্যাতনের শিকার নারীরা সেবা নিতে পারেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেয়ারের নারী উন্নয়ন প্রকল্পের পরিচালক হুমাইরা আজিজ।