ক্ষতিপূরণ এবং সোহেল রানাসহ অভিযুক্তদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে পড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান এবং সোহেল রানাসহ দোষীদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এ কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে ১০টার দিকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা ধসে পড়া রানা প্লাজার সামনে মানববন্ধনে অংশ নেন। তাঁদের সঙ্গে যোগ দেন গার্মেন্ট শ্রমিক সংহতির সদস্যরাও। মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার, শ্রমিকনেতা দীপক রায় ও নুরুল ইসলাম এবং নিহত শ্রমিক সৌদাতের স্ত্রী মরিয়ম প্রমুখ বক্তব্য দেন। তাসলিমা আখতার বলেন, ‘রানা প্লাজা ধসের ঘটনায় দুর্নীতি দমন কমিশন সম্প্রতি ১৭ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে। কিন্তু ভবনধসের জন্য দায়ী সোহেল রানাকে সেই মামলায় আসামি করা হয়নি। এটা মূলত তাঁকে বাঁচানোরই অপপ্রয়াস বলে আমরা মনে করি।’
সমাবেশ শেষে রানা প্লাজার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

কয়েলের আগুনে শিশুর পর বাবা–মায়ের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার ডেগেরচালা এলাকায় মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে সন্তানের পর বাবা-মায়েরও মৃত্যু হয়েছে৷ চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে শিশুটির বাবার এবং গতকাল মঙ্গলবার সকালে মায়ের মৃত্যু হয়৷
নিহত এই দম্পতি হলেন ময়মনসিংহের নান্দাইল থানার রসুলপুর এলাকার জুয়েল হোসেন (২৫) ও তাঁর স্ত্রী মুন্নি বেগম ওরফে মনিরা (২২)৷ এর আগে গত বুধবার তাঁদের সাত মাসের শিশুসন্তান ফাহিম হোসেনের মৃত্যু হয়৷
পরিবারের লোকজন জানান, জুয়েল তিন বছর ধরে পরিবারসহ গাজীপুরের ডেগেরচালার সফিকুল ইসলামের বাড়ি ভাড়া নেন৷ তিনি সেখানে ইস্ট ওয়েস্ট পোশাক কারখানায় কাজ করতেন৷ ১৭ জুন রাতে তাঁরা মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন৷ রাতের কোনো এক সময় মশার কয়েল থেকে ঘরের মেঝেতে থাকা কাপড়ে আগুন লাগে৷ পরে তা বিছানার তোশক, বালিশ ও আসবাবপত্রে ছড়িয়ে পড়ে৷ এতে তাঁরা তিনজনই দগ্ধ হন৷ চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে তঁাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন৷ সেখানে ওই দিনই ফাহিম মারা যায়৷ সাত দিন হাসপাতালে চিিকৎসাধীন থেকে জুয়েল ও মুন্নি মারা যান৷
জুয়েলের মামা মতিউর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বলেন, আগুনে তাঁদের শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়৷
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বুধবার দুপুরে ফাহিম এবং সোমবার দিবাগত রাতে জুয়েল ও মঙ্গলবার সকালে মুন্নি মারা যান৷ গতকাল দুপুরে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷