রানা প্লাজা ধসের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সমাবেশ করেছে ‘বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি’। সাভারের রানা প্লাজার সামনে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে গার্মেন্টস শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখ্তার বলেন, ধসের ওই ঘটনার ৩২ মাস পার হলেও জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হয়নি। সন্দেহভাজন দোষীদের বিরুদ্ধে আদালতে কেবল অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আদালত তা গ্রহণ করেছেন। যাঁদের সন্দেহভাজন দোষী হিসেবে অভিযুক্ত করা হয়েছে তাঁদের অনেকেই পলাতক। অনেকে আবার কর্মস্থলে কাজ করছেন।
তাসলিমা আখ্তার অভিযোগ করেন, দীর্ঘসূত্রতার মধ্য দিয়ে অভিযোগপত্র গ্রহণ, মামলায় সরকারি কর্মকর্তাদের সম্পৃক্ত করতে মন্ত্রণালয়ের অনুমোদন না মেলা, সন্দেহভাজন দোষীদের জামিন পাওয়া ও অনেকের পলাতক থাকা—সবই দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের নেতিবাচক ভূমিকার ইঙ্গিত।
সমাবেশে বক্তারা রানা প্লাজা ধসের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচার-প্রক্রিয়া ত্বরান্বিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবি জানান।
ধসের ঘটনায় নিখোঁজ খালেদা আক্তারের মা আয়শা বেগম সমাবেশে বলেন, সরকার সব ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে ঘোষণা করলেও তাঁর পরিবার কোনো ক্ষতিপূরণ বা অনুদান পায়নি।
নিখোঁজ কর্মী রোজিনা আক্তারের মা আমরিন বেগম বলেন, ‘মাত্র ৯৫ হাজার টাকা অনুদান ছাড়া আমাদের কোনো অনুদান বা ক্ষতিপূরণ দেওয়া হয়নি।’ তিনি বলেন, ‘সরকার যদি মনে করে আমার মেয়ে বেঁচে আছে, তবে তাঁকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের। না পারলে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক জুলহাস নাইন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মুসা কলিমুল্লাহ, সংগঠনটির রানা প্লাজা শাখার সাধারণ সম্পাদক আলম মাতব্বর, নিহত কর্মী রাজীবের বাবা সত্যজিৎ দাস ও ইসরাইল হোসেনের স্ত্রী চায়না বেগম প্রমুখ।