ক্ষতিপূরণ ও মামলায় বিলম্বের জন্য ব্যবস্থা কেন নয়: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় তিনটি রুল দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া দেশের সব থানায় ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ ও জন্ম পরিচয় নির্বিশেষে বৈষম্যহীনভাবে সবার সেবা নিশ্চিত করতে সরকারকে প্রজ্ঞাপন তৈরি করে তা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
পাঁচটি সংগঠনের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রুল ও আদেশ দেন।
গত বৃহস্পতিবার রাতে কুড়িল বিশ্বরোডে এক আদিবাসী তরুণীকে মাইক্রোবাসে তুলে গণধর্ষণ করে কয়েকজন তরুণ। পরে ওই নারীর অভিভাবকেরা মামলা করার জন্য তাঁকে নিয়ে থানায় থানায় ঘুরে পুলিশের অসহযোগিতায় ভোগান্তিতে পড়েন। রোববার এ ঘটনায় হাইকোর্টে রিট আবেদন করে অধিকারবিষয়ক সংগঠন নারীপক্ষ, আইন ও সালিশ কেন্দ্র, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। গতকাল আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন, জেড আই খান পান্না, মাসুদা রেহেনা, আইনুন্নাহার সিদ্দিকা ও মেহবুবা জুঁই। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
পরে সারা হোসেন ও আইনুন্নাহার সাংবাদিকদের বলেন, শুনানি নিয়ে আদালত তিনটি রুল দিয়েছেন। মামলা নেওয়া, ধর্ষণের শিকার নারীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো এবং ডাক্তারি পরীক্ষায় বিলম্ব কেন অসাংবিধানিক ও নারী নির্যাতন দমন আইনের লঙ্ঘন হবে না, তা জানতে আদালত একটি রুল দিয়েছেন। দ্বিতীয় রুলে আদালত জানতে চেয়েছেন, ধর্ষণের শিকার তরুণীকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ডিএমপির কমিশনার এবং উত্তরা, খিলক্ষেত, গুলশান ও ভাটারা থানার ওসি ও ভাটারা থানায় ওই সময়ে কর্তব্যরত কর্মকর্তাকে তিন সপ্তাহের মধ্যে এ দুই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আইনজীবীরা আরও জানান, এ ছাড়া মামলা নিতে দেরির জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কেন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হবে না, তা জানতে তৃতীয় রুলটি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, আইজিপি ও ডিএমপি কমিশনারকে এ রুলের জবাব দিতে হবে। এ ছাড়া দেশের সব থানায় ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ ও জন্ম পরিচয় নির্বিশেষে বৈষম্যহীনভাবে সবার সেবা নিশ্চিত করতে সরকারকে প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছেন আদালত। আর যৌন হয়রানি ও যৌন সহিংসতা রোধে বিদ্যমান আইন ও প্রক্রিয়া পুনর্বিবেচনা করার জন্য অবসরপ্রাপ্ত বিচারক, আইনজীবী ও নারী অধিকারকর্মীদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি করতে আবেদনকারীদের কাছে নামের তালিকা চেয়েছেন আদালত।